গাঁজা পাচারের দায়ে সেই সেনা সদস্য চাকরিচ্যুত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার হওয়া সেই সেনাসদস্য খোকন মিয়াকে (৩৫) চাকরি থেকে বরখাস্ত করেছে সেনাবাহিনী। গত বুধবার কুমিল্লা সেনানিবাসে সামরিক আদালতের মাধ্যমে তাঁকে চাকরিচ্যুত করা হয়। পরে ওই দিন সন্ধ্যায় তাঁকে কসবা থানায় সোপর্দ করে সেনাবাহিনীর একটি দল।
পুলিশ সূত্রে জানা গেছে, খোকন কক্সবাজারের রামু উপজেলার অফিসের চর গ্রামের বাসিন্দা। তিনি কুমিল্লা সেনানিবাসে সৈনিক হিসেবে কর্মরত ছিলেন। তাঁকে গতকাল সকালে ব্রাহ্মণবাড়িয়া বিচারিক হাকিমের আদালতে হাজির করা হয়। এ সময় আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পুলিশ সূত্রে আরও জানা গেছে, খোকন ৭ জুলাই সকালে কসবার নয়নপুর থেকে ১০ কেজি গাঁজা নিয়ে সিএনজিচালিত অটোরিকশায় কুটি চৌমুহনী যাচ্ছিলেন। সকাল সাড়ে আটটার দিকে কসবার নোয়াগাঁও এলাকায় অটোরিকশা থামিয়ে গাঁজাসহ খোকনকে আটক করে পুলিশ।