গাঁজা বিক্রি ও সেবনের দায়ে আটজনের দণ্ড
গাঁজা বিক্রি ও সেবনের দায়ে এক নারীসহ আটজনকে বিভিন্ন মেয়াদে কারা ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল মঙ্গলবার চট্টগ্রাম নগরের বহদ্দারহাট বাসস্ট্যান্ড, পুরাতন রেলস্টেশন ও ঘাটফরহাদবেগ এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এই দণ্ড দেওয়া হয়। এ সময় তিন কেজি গাঁজা উদ্ধার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এই অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহদাৎ হোসেন। পুলিশের সহযোগিতায় এ অভিযানে অধিদপ্তরের পরিদর্শক তপন কান্তি শর্মা উপস্থিত ছিলেন।
ছয় মাসের সশ্রম দণ্ডপ্রাপ্ত চার গাঁজা বিক্রেতা হলেন মিনু বেগম (৫০), মো. তাজুল ইসলাম (৫৫), মো. মঈন (২৫) ও সোলায়মান (৩৮)। এ ছাড়া মাদক সেবনের দায়ে রফিক (২৮) ও ইউসুফকে (৩৮) তিন মাস করে সশ্রম কারাদণ্ড অনাদায়ে পাঁচ হাজার টাকা জরিমানা এবং শরিফ (৩৪) ও ইলিয়াসকে (৩০) পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়।
পরিদর্শক তপন কান্তি শর্মা বলেন, অভিযানের সময় মোট তিন কেজি গাঁজা উদ্ধার করা হয়।