গাঁজা রাখার দায়ে তিনজনকে কারাদণ্ড
গাঁজা বিক্রির দায়ে এক নারীসহ তিনজনকে আটকের পর বিভিন্ন মেয়াদে অর্থ ও কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার সকালে নগরের বায়েজিদ বোস্তামী এবং চক সুপার মার্কেট এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাঁদের আটক করে পুলিশ। তাঁদের কাছে ২ কেজি ৪০০ গ্রাম গাঁজা পাওয়া যায়। অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিলুর রহমান। পুলিশের সহায়তায় এ অভিযান চালানো হয়।
দণ্ডাদেশপ্রাপ্ত ব্যক্তিরা হলেন হাসিনা বেগম, জসিম উদ্দিন ও মো. মাহিন। হাসিনা বেগম বায়েজিদ থানার স্টারশিপ পাহাড়িকা আবাসিক এলাকায় নিজ ঘরে গাঁজা রেখে ব্যবসা করছিলেন। অন্যদিকে জসিম উদ্দিন চক সুপার মার্কেটের তৃতীয় তলায় গাঁজার ব্যবসা করছিলেন। মাহিন গাঁজার ক্রেতা।
ম্যাজিস্ট্রেট তাহমিলুর রহমান বলেন, হাসিনা বেগম তাঁর ঘরে গাঁজার পুরিয়া তৈরি করছিলেন। ওই অবস্থায় তাঁকে আটক করা হয়। সেখান থেকে দুই কেজি গাঁজা ও প্রায় তিন হাজার টাকা উদ্ধার করা হয়। হাসিনা বেগমকে দুই বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।
অপরদিকে চক সুপার মার্কেটের তৃতীয় তলা থেকে ৪০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার জসিমকে ছয় মাসের ও ক্রেতা মাহিনকে সাত দিনের কারাদণ্ড এবং ৫০০ টাকা জরিমানা করা হয় বলে তাহমিলুর রহমান জানান। উদ্ধার করা গাঁজা ধ্বংস করা হয়েছে।