গাঁজা রেখে গাড়ি ছেড়ে দিল পুলিশ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিপুল পরিমাণ গাঁজাসহ একটি কাভার্ড ভ্যান আটকের পর গাঁজা রেখে গাড়িটি ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে ঢাকার আশুলিয়া থানার পুলিশের বিরুদ্ধে। বিষয়টি ফাঁস হওয়ার পর মাত্র পাঁচ কেজি গাঁজাসহ দুজনকে আটক দেখিয়ে পুরো ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে।আশুলিয়া থানার একাধিক দায়িত্বশীল সূত্র থেকে পাওয়া তথ্যে জানা গেছে, ১২ সেপ্টেম্বর গভীর রাতে তমিজ উদ্দিন নামের এক সোর্সের মাধ্যমে খবর পেয়ে আশুলিয়া থানার কনস্টেবল সারোয়ার হোসেন ও হাবিবুর রহমান নবীনগর-কালিয়াকৈর সড়কের আশুলিয়ার বাইপাইল এলাকা থেকে বিপুল পরিমাণ গাঁজাসহ একটি কাভার্ড ভ্যান আটক করে থানায় নিয়ে যান। এরপর তাঁরা থানার উপপরিদর্শক শাহাদাত হোসেনকে বিষয়টি জানালে ওই কর্মকর্তা গাঁজা রেখে রাতেই কাভার্ড ভ্যানটি ছেড়ে দেন। এরপর কনস্টেবল সারোয়ার ও হাবিবুর রহমানকে নিয়ে সোর্স তমিজ উদ্দিনের সহায়তায় উদ্ধার করা বিপুল পরিমাণ গাঁজা গোপন স্থানে রেখে পরে বিক্রি করে দেন।সূত্র জানায়, বিষয়টি ফাঁস হওয়ার পর খবর চলে যায় ঢাকা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে। এর পরই পাঁচ কেজি গাঁজাসহ দুজনকে গ্রেপ্তার করে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়।গাঁজা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে এসআই শাহীন শাহ পারভেজ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার শ্রীপুর এলাকা থেকে গত শনিবার রাতে পাঁচ কেজি গাঁজাসহ বিপ্লব ও আয়নাল নামের দুজনকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে আশুলিয়া থানার পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে বলে তিনি জানান। তবে ১২ সেপ্টেম্বর বাইপাইল থেকে গাঁজাসহ কাভার্ড ভ্যান আটকের বিষয়টি তিনি চেপে যান।থানার দায়িত্বশীল একাধিক কর্মকর্তা জানান, গাঁজাসহ বিপ্লব ও আয়নালকে আটকের পর জিজ্ঞাসাবাদে তাঁরা এসআই শাহাদাত হোসেন ও কনস্টেবল সারোয়ারের কাছ থেকে ওই গাঁজা কেনার কথা স্বীকার করেন।মামলার তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার এসআই আমিনুল ইসলামের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘সবই সঠিক, তবে বিস্তারিত কিছু বলা আমার পক্ষে সম্ভব নয়।’ তিনি বিস্তারিত তথ্যের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার পরামর্শ দেন।এসআই শাহাদাত হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘থানার কর্মকর্তারা একাধিক ধারায় বিভক্ত। থানার এই দলাদলির কারণেই ষড়যন্ত্রমূলকভাবে আমার বিরুদ্ধে এসব অভিযোগ আনা হচ্ছে।’ঘটনার প্রত্যক্ষদর্শী আশুলিয়ার যুবলীগের এক নেতা জানান, কনস্টেবল সারোয়ার ও হাবিবুর রহমান ১২ সেপ্টেম্বর রাতে অবৈধ মাল পরিবহনের কথা বলে বাইপাইল থেকে একটি কাভার্ড ভ্যান আটক করে থানায় নিয়ে যান। পরে ওই ভ্যানটি ছেড়ে দেওয়া হয়। তবে কাভার্ড ভ্যানটিতে কী ছিল, তা তাঁকেসহ ঘটনাস্থলে উপস্থিত জনতাকে দেখানো হয়নি।কনস্টেবল সারোয়ারের সঙ্গে যোগাযোগ করে গাঁজাসহ কাভার্ড ভ্যান আটকের বিষয়ে জানতে চাইলে তিনি ওই প্রশ্নের উত্তর এড়িয়ে গিয়ে বলেন, ‘পানি সব সময় নিচের দিকেই গড়ায়। আপনেরা স্যারেগো লগে যোগাযোগ করেন।’অভিযোগের বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য দুই দিন ধরে ঢাকার পুলিশ সুপার মো. মিজানুর রহমান ও আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলামের সঙ্গে মুঠোফোনে কথা বলতে বারবার কল করলেও তাঁরা ফোন না ধরায় কথা বলা সম্ভব হয়নি।তবে ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার শেখ রফিকুল ইসলামকে বিষয়টি অবহিত করা হলে তিনি অভিযোগের সত্যতা নিশ্চিত না করলেও এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান।