গাঁজা সেবন করে চাকরি হারালেন চার কনস্টেবল
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার মহেড়া পুলিশ প্রশিক্ষণকেন্দ্রের চার প্রশিক্ষণার্থী কনস্টেবলকে গাঁজা সেবনের দায়ে বরখাস্ত করা হয়েছে। তাঁরা হলেন সালেহ উদ্দিন, শফিকুল ইসলাম, মৃণাল কান্তি দাস ও নুরুল হক।সংশ্লিষ্ট সূত্র জানায়, সাড়ে চার মাস আগে ৩৭তম ব্যাচের কনস্টেবল হিসেবে এই চারজন প্রশিক্ষণ নিতে আসেন। তাঁরা কেন্দ্রের ভেতরে বসে নিয়মিত গাঁজা সেবন করতেন বলে কর্তৃপক্ষ আঁচ করতে পেরেছিল। গত ২৪ অক্টোবর ব্যারাকের ছাদের ওপর গাঁজা সেবন করার সময় তাঁদের হাতেনাতে ধরে ফেলেন প্রশিক্ষকেরা। তাঁদের কাছ থেকে কিছু গাঁজা উদ্ধারও করা হয়। এ ঘটনায় বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটির প্রতিবেদনে তাঁদের মাদকাসক্ত বলে উল্লেখ করা হয়। এরপর গতকাল মঙ্গলবার ওই কেন্দ্রের কমান্ড্যান্ট উপমহাপরিদর্শক জসিম উদ্দিন তাঁদের চাকরিচ্যুত করেন।বরখাস্ত হওয়া সালেহ উদ্দিনের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার শরীয়তপুর গ্রামে। শফিকুল ইসলামের বাড়ি একই জেলার সুদারামপুর উপজেলার মাছিমপুর গ্রামে। মৃণাল কান্তির বাড়ি কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা সদরে এবং নুরুল হকের বাড়ি মাদারীপুরের রাজৈর উপজেলার মাঝকান্দি গ্রামে।উপমহাপরিদর্শক জসিম উদ্দিন বলেন, মাদকাসক্ত ব্যক্তিদের পুলিশ বিভাগের মতো একটি স্পর্শকাতর বিভাগে দায়িত্ব পালন করতে দেওয়া ঠিক হবে না বিবেচনা করেই তাঁদের বরখাস্ত করা হয়েছে।মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ সরকার বলেন, বরখাস্ত হওয়া কনস্টেবলদের নিজ নিজ পরিবারের কাছে পাঠিয়ে দেওয়ার জন্য তাঁকে নির্দেশ দেওয়া হয়েছে।