গাঁজা সেবনের দায়ে কলেজশিক্ষকসহ তিনজনের কারাদণ্ড
গাঁজা সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালত গত শনিবার রাতে রাজশাহীর বাগমারার এক কলেজশিক্ষকসহ তিনজনকে কারাদণ্ড দিয়েছেন।সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন: উপজেলার মোহনগঞ্জ ডিগ্রি কলেজের দর্শন বিভাগের শিক্ষক গোলাম রসুল (৩৬), একই কলেজের এমএলএসএস ইয়ামিন আলী খান (৪২) ও গাঁজা বিক্রেতা গোলাম মোস্তফা (৩৮)।র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৫-এর (র্যাব) বাগমারা ক্যাম্পের কমান্ডার সহকারী পুলিশ সুপার মির্জা গোলাম সারোয়ার জানান, শনিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার মোহনগঞ্জ এলাকায় গাঁজা সেবনরত অবস্থায় শিক্ষক গোলাম রসুলসহ তিনজনকে আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে বেশ কয়েক পুরিয়া গাঁজা ও তা সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়।পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু ইউসুফ মো. রেজাউর রহমান আটক হওয়া প্রত্যেককে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন।