গাঁটের পয়সায় সেতু নির্মাণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুর নগরের সর্দারপাড়া এলাকায় খোকসা–ঘাঘট খালের ওপর ব্যক্তি উদ্যোগে নির্মিত হচ্ছে সেতু। তিনটি স্তম্ভ হয়ে গেছে। তার ওপর কাঠের পাটাতন বসিয়ে কোনো রকমে চলাচল করছে এলাকাবাসী। ছবিটি সম্প্রতি তোলা l প্রথম আলো
রংপুর নগরের সর্দারপাড়া এলাকায় খোকসা–ঘাঘট খালের ওপর ব্যক্তি উদ্যোগে নির্মিত হচ্ছে সেতু। তিনটি স্তম্ভ হয়ে গেছে। তার ওপর কাঠের পাটাতন বসিয়ে কোনো রকমে চলাচল করছে এলাকাবাসী। ছবিটি সম্প্রতি তোলা l প্রথম আলো

পাঁচ মিনিটের পথ! কিন্তু একটি সেতুর অভাবে ঘুরতে হয় প্রায় এক কিলোমিটার। জনপ্রতিনিধিদের বিশেষ নজর নেই সেদিকে। তাই এলাকার বাসিন্দাদের দুর্ভোগ দিনের পর দিন রয়েই যায়। ঘুরতি পথে গিয়ে প্রধান সড়কে উঠতে হয় তাদের।

মানুষের দুর্ভোগের কথা বিবেচনা করে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে সর্দারপাড়া এলাকায় খোকসা ঘাঘট খালের ওপর সেতুটি নির্মাণ করছেন রংপুর শহরেরই এক বাসিন্দা। সেতুটি দৈর্ঘ্যে প্রায় ১৫০ ফুট। এটি নির্মাণ হলে দেড় শ পরিবার চলাচলের সুযোগ পাবে। সেতুটি নির্মাণ করছেন আরিফুর রহমান। পেশায় তিনি প্রকৌশলী। শহরের মুন্সিপাড়ায় থাকেন। কনসাল্টিং ড্রয়িং অ্যান্ড ডিজাইন নামে রংপুর শহরেই একটি প্রতিষ্ঠান আছে তাঁর। সেতুটি করতে স্থানীয় কয়েকজনের সহায়তাও নিয়েছেন বলে জানালেন আরিফুর। সম্প্রতি ওই এলাকার লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, ২০১৩ সালের শুরুর দিকে সেতু নির্মাণের কাজ শুরু করেন আরিফুর। নির্মাণ ব্যয় ধরা হয় প্রায় ৩০ লাখ টাকা। খালের ওপর তিনটি স্তম্ভ ইতিমধ্যে নির্মিত হয়েছে। এখন বাকি রয়েছে স্তম্ভের ওপর পাটাতনের কাজ। অবশ্য স্তম্ভের ওপর কাঠের পাটাতন বিছিয়ে কোনো রকমে হেঁটে চলাচল করছে এলাকাবাসী। ইতিমধ্যে ২২ লাখ টাকা খরচ করে ফেলেছেন আরিফুর। ওই এলাকার ব্যবসায়ী মোজাম্মেল হক বলেন, তাঁর (আরিফুর) উদ্যোগে সেতুটি হচ্ছে। তিনি ব্যক্তিগত কোনো সুবিধার জন্য এসব কাজ করছেন না। এই এলাকায় তাঁর কিছু জমি আছে। ভবিষ্যতে বহুতল ভবন নির্মাণ করবেন বলে জানিয়েছেন।

সর্দারপাড়া এলাকাটি সিটি করপোরেশনের ৩২ নম্বর ওয়ার্ডে পড়েছে। এই ওয়ার্ডের কাউন্সিলর আবুল কাশেম। তিনি বলেন, ‘সিটি করপোরেশন সেতুটি করতে পারেনি। কিন্তু আরিফুর রহমান নিজ উদ্যোগে কাজটি করছেন। যতদূর জানি, এতে তাঁর কোনো স্বার্থ নেই। হয়তো অর্থসংকটের কারণে কাজ শেষ হতে সময় লাগছে।’

সর্দারপাড়ার বাসিন্দা একটি ব্যাংকের ব্যবস্থাপক সাবেরা সুলতানা সেতুর ওপর দিয়ে বাজার করে বাড়ি ফিরছিলেন। কথা হয় তাঁর সঙ্গে। তিনি বলেন, সেতুটি নির্মাণ হলে বাড়ি পর্যন্ত গাড়ি নিয়ে যাওয়া যাবে।

আরিফুর রহমান বলেন, ‘ওইখানে আমার কিছু জমি রয়েছে। কোনো স্থাপনা করলে যোগাযোগের সহজ পথ নেই। এ ছাড়া সেখানে প্রায় দেড় শ পরিবারের বহুতল ভবন রয়েছে। এসব বিবেচনা করে সিটি করপোরেশনের অনুমতি নিয়ে খালের ওপর সেতুটি নির্মাণের উদ্যোগ নিই। কাজটি অনেক দূর এগিয়েছে। বর্তমানে অর্থসংকটে কাজ বন্ধ আছে।’ তিনি জানান, সেতুর জন্য ২২ লাখ টাকায় ৩ শতাংশ জমি কিনতে হয়েছে। এলাকার ১৫-২০ জন মিলে সাড়ে সাত লাখ টাকা দিয়েছেন। বাকিটা তিনিই দিয়েছেন। সেতু বানাতে ১৫ লাখ টাকা লাগবে। যার পুরোটাই তিনি দিচ্ছেন। ইতিমধ্যে বেশির ভাগ কাজ হয়ে গেছে। শিগগির সেতুর বাকি কাজ করা হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী আজম আলী প্রথম আলোকে বলেন, ব্যক্তি উদ্যোগে অনেক উন্নয়ন কর্মকাণ্ড হচ্ছে। এখন সেতু নির্মাণের মতো ব্যয়বহুল কাজেও এগিয়ে আসছেন অনেকে। এটি তেমনই একটি ঘটনা।