গাঁয়ের টানে ঢাকা ছেড়েছিল শিশুটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শনিবার রাত আটটা! রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় ১২ বছরের একটি শিশু হাঁটতে হাঁটতে হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে। পরনে তার হাফপ্যান্ট, হাফ হাতা শার্ট ও কাঁধে একটি স্কুলব্যাগ ছিল। লোকজন তাকে উদ্ধার করে কাছেই ইউনিয়ন পরিষদের (ইউপি) কার্যালয়ে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর সুস্থ হয়ে ওঠে শিশুটি। সে জানায়, তার নাম তানভির হাসান ওরফে সোহান। কয়েক দিন আগে খুলনায় দাদাবাড়ি থেকে তাকে অপহরণ করা হয়। কৌশলে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এসেছে সে।শিশুটির স্কুলব্যাগ থেকে বই ও খাতায় লেখা কয়েকটি মুঠোফোন নম্বর পাওয়া যায়। সেগুলোতে ফোন করে জানা যায়, সে অপহূত হয়নি। বাবা-মায়ের সঙ্গে রাগ করে স্কুল থেকে পালিয়েছে। শিশুটি তার দাদাবাড়ি খুলনার বটিয়াঘাটা উপজেলার গল্লামারী শিয়ালিডাঙ্গায় যাচ্ছিল। খবর পেয়ে তানভিরের বাবা সাভার থেকে রাত সাড়ে ১২টার দিকে দৌলতদিয়ায় পৌঁছে ছেলেকে নিয়ে যান। তানভির আরও জানায়, ঢাকা শহর তার ভালো লাগে না। দাদির জন্য তার মন খারাপ হয়। বাবা জোর করে তাকে ঢাকায় স্কুলে ভর্তি করেছেন। সে বলে, ‘ঢাকায় থাকতে চাইনি বলে বাবা আমাকে খুব বকাবকি করত। কিন্তু আমঞ্চু খুব ভালোবাসে। গ্রামের পরিবেশ আমার ভালো লাগে। সে জন্য দাদির কাছে যেতে পালিয়েছিলাম।’ তানভিরের বাবা সাভার সেনানিবাসের করপোরাল মো. সোহেল রানা। গতকাল রোববার মুঠোফোনে তিনি প্রথম আলোকে বলেন, ‘তাঁর ছেলে পঞ্চম শ্রেণী পর্যন্ত গ্রামে পড়াশোনা করেছে। পরে তাকে সাভার ক্যান্টনমেন্ট বোর্ড স্কুলে ষষ্ঠ শ্রেণীতে ভর্তি করা হয়। কিন্তু সে এখানে পড়ালেখা করতে চাচ্ছিল না। প্রায়ই সে এ নিয়ে রাগারাগি করত এবং দাদির কাছে চলে যেতে চাইত। কিন্তু আমরা তাতে কর্ণপাত না করায় সে একাই শনিবার স্কুল শেষে বাসায় না ফিরে দাদির উদ্দেশে এভাবে জীবনের ঝুঁকি নিয়ে রওনা হয়।’তানভিরকে উদ্ধারের সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন দৌলতদিয়া মডেল হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক মেহেদী হাসান। তিনি বলেন, শিশুদের কোমল মনের ওপর কোনো কিছু চাপিয়ে না দিয়ে তাদের মন-মানসিকতা বুঝে এবং ভালোমন্দ সব দিক বুঝিয়ে ব্যবস্থা নিলে ভালো হয়। তা না হলে শিশুরা মিথ্যা বলা, অতিরিক্ত রাগী, জেদি, ঝুঁকি গ্রহণ, বদমেজাজি স্বভাবের হয়। তিনি শিশুদের জন্য ‘হ্যাঁ’ বলতে অনুরোধ জানান সবাইকে। দৌলতদিয়া ইউপির চেয়ারম্যান নুরুল ইসলাম মণ্ডল বলেন, দৌলতদিয়াঘাট খুব বিপজ্জনক একটি জায়গা। খারাপ লোকের হাতে পড়লে শিশুটির বড় ধরনের বিপদ হতে পারত।এক প্রশ্নের জবাবে তানভিরের বাবা বলেন, ‘ঠিক করেছি, ছেলেকে গ্রামের বাড়িতে ওর দাদির কাছেই রেখে আসব।’