গাঁয়ের বধূর আলপনায় রাঙা মাটির দেয়াল
বাড়ি বাড়ি মাটির দেয়ালে আলপনা আঁকার ধুম পড়েছে। গ্রামের প্রায় প্রতিটি বাড়িই মাটির দেয়ালে তৈরি। প্রতিবছর দুর্গাপূজা ও হরিবাসরের (কীর্তনের আসর) আগে প্রতিটি ঘর, বারান্দা, ঘরের বাইরের দেয়াল, এমনকি গোয়ালঘরের দেয়াল লেপে-পুছে ঝকঝকে-তকতকে করা হয়। পরে নারীরা সেই দেয়ালে যত্ন করে খড়িমাটি ও লাল মাটি দিয়ে আঁকেন আলপনা ও ফুল-পাতার নকশা। দেয়ালে ফুটে ওঠে চোখজুড়ানো দৃশ্য। পাশাপাশি দেয়ালগুলোর পরিচর্যাও হয়, বাড়ে এর স্থায়িত্ব। চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার টিকইল গ্রামে গেলে এখন এমন দৃশ্য চোখে পড়বে।লোকজ সংস্কৃতির অংশ হিসেবে আদিবাসী ও হিন্দু নারীরা মাটির বাড়ির দেয়াল ও মেঝেতে এসব চিত্র আঁকেন। তবে এবারের আঁকায় আছে একটু বাড়তি যত্নের ছাপ। এবার বেসরকারি একটি সংস্থার উদ্যোগে গ্রামের ২০টি বাড়ি বেছে নিয়ে নারীদের মধ্যে দেয়ালচিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। নাম দেওয়া হয়েছে ‘জলবায়ু সহিষ্ণু ঘর ও দেয়ালচিত্র-বিষয়ক প্রতিযোগিতা’। বাড়িগুলোর নারীরা গত মঙ্গল ও গতকাল বুধবার নিজ নিজ বাড়ির দেয়ালে আঁকেন নানা চিত্র। গ্রামের গণ্যমান্য ব্যক্তি, নাচোল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে গতকাল বাড়ি বাড়ি গিয়ে এসব আলপনা ও চিত্রকর্ম দেখার কথা। তাঁরাই নির্ধারণ করবেন প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করা দেয়ালচিত্র। মঙ্গলবার দুপুরে ওই গ্রামে গিয়ে দেখা গেছে, প্রায় প্রতিটি বাড়ির দেয়ালেই নকশা আঁকছেন নারীরা। ধনপতি বর্মণের বাড়ি গিয়ে দেখা গেছে, বড় জায়ের সঙ্গে আঁকায় ব্যস্ত বাড়ির নতুন বৌ মুক্তা বর্মণ। তিনি জানান, বিয়ে হয়েছে চার মাস আগে। শ্বশুরবাড়িতে এসেই ননদ ও জায়ের কাছে শিখেছেন দেয়ালে নকশা আঁকা। খুব ভালো লাগছে। বাবার বাড়িতে গেলে সেখানেও সবাইকে শিখিয়ে দেবেন।দেখনবালা বর্মণ নকশা আঁকছিলেন রান্নাঘরের দেয়ালে। তিনি বলেন, ‘পূজার আগে এসব আঁকলে দেখতে যেমন ভালো লাগে, মনটাও থাকে প্রফুল্ল। পূজার আনন্দ তাতে বাড়িয়ে দেয়। প্রতিযোগিতায় এবার আঁকছি একটু যত্ন নিয়ে। যদি পুরস্কারটা পাই।’ বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইন্ডিজিনাস নলেজের (বারসিক) সমন্বয়ক পাভেল পার্থ প্রথম আলোকে বলেন, মাটির দেয়ালে আলপনা ও নকশা আঁকা যেমন লোকসংস্কৃতির অংশ, তেমনি এতে দেয়ালগুলোও টেকসই হয়। এ সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এবং গ্রামীণ নারীদের কাজের স্বীকৃতি দিতে ব্যতিক্রমী এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।