গাংনী উপজেলা চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটি নাশকতা মামলায় আদালতে অভিযোগপত্র দাখিল হওয়ায় মেহেরপুরের গাংনী উপজেলা চেয়ারম্যান মোরাদ আলীকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। আজ বুধবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপসচিব জুলিয়া মঈন স্বাক্ষরিত এক আদেশে মোরাদ আলীকে সাময়িক বরখাস্ত করা হয়। আদেশটি গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে পৌঁছেছে। 

মোরাদ আলী গাংনী পৌর বিএনপির সভাপতি। তথ্যটি নিশ্চিত করেছেন গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুজ্জামান।

২০১৩ সালের বিএনপির ডাকা হরতাল অবরোধে সময় নাশকতার একটি মামলায় সম্প্রতি আদালতে অভিযোগপত্র দাখিল হয়। পরবর্তী সময়ে গত ২০ অক্টোবর আদালতে সম্পূরক অভিযোগ দাখিল করলে মন্ত্রণালয় বিষয়টি আমলে নিয়ে তাঁর বিরুদ্ধে ফৌজদারি অপরাধ সাব্যস্ত করে সাময়িক বরখাস্ত করা হয়।

এ ব্যাপারে মোরাদ আলী বলেন, রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। উচ্চ আদালতের প্রতি বিশ্বাস রয়েছে। দু-এক দিনের মধ্যে উচ্চ আদালতে আপিল করা হবে।

২০১৩ সালের ৫ ডিসেম্বর সরকারবিরোধী আন্দোলনে নাশকতার অভিযোগে তাঁর বিরুদ্ধে গাংনী থানায় একটি মামলা হয়।

এর আগে গত ৪ মে সরকারবিরোধী মদদ জোগানোর অভিযোগ এনে গাংনী উপজেলা ছাত্রলীগ মোরাদ আলীর উপজেলা চেয়ারম্যান কার্যালয়ের কর্মকর্তাদের কক্ষ থেকে বের করে দিয়ে তালা ঝুলিয়ে দেয়। সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমজাদ হোসেনসহ কিছু নেতা-কর্মী নিয়ে বাড়িতে আলোচনা সভা করছিলেন। বৈঠকের খবর পেয়ে ছাত্রলীগের নেতা-কর্মীরা উত্তেজিত হয়ে ওই ঘটনা ঘটান।