গাংনী ও শ্যামনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর গ্রামে গতকাল শনিবার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শেফালি খাতুন (৩০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। একই দিন সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় ভুরুলিয়া ইউনিয়নের ইছাকুড় গ্রামে মোজাম আলী সরদার (৩৮) বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছেন।

শেফালী খাতুন গাংনীর কাজিপুর ইউনিয়নের কাজিপুর গ্রামের নিম সরণ পাড়ার রাজু আহম্মেদের স্ত্রী।

স্থানীয় ও পারিবার সূত্রে জানা গেছে, রাজু আহম্মেদের বাড়ির নলকূপের সঙ্গে বিদ্যুচ্চালিত পানির পাম্প রয়েছে।

পানির পাম্পের বৈদ্যুতিক তারের সংস্পর্শে নলকূপটি বিদ্যুতায়িত হয়ে ছিল। গতকাল বেলা ১১টার দিকে শেফালি নলকূপে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরিবারের লোকজন বিষয়টি টের পাওয়ার আগেই তিনি মারা যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গাংনী থানার পরিদর্শক (তদন্ত) কাফরুজ্জমান বলেন, বিষয়টির খোঁজ নিতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মৃত্যুর ঘটনাটি খতিয়ে দেখা হবে।

শ্যামনগর উপজেলার মোজাম আলী সরদার (৩৮) গতকাল সকাল সাড়ে আটটার দিকে নিজ বাড়িতে বিদ্যুতের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মান্নান আলী বিষয়টি নিশ্চিত করেন বলেন, মোজাম আলী বাড়িতে বিদ্যুতের ছিঁড়ে যাওয়া তার মেরামত করছিলেন। এ সময় হঠাৎ বিদ্যুৎ এলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।