গাংনী থেকে চট্টগ্রামের ব্যবসায়ী অপহরণ
মেহেরপুরের গাংনী উপজেলার বাঁশবাড়িয়া থেকে ফয়জুল হক (৪২) নামে এক তামাক ব্যবসায়ীকে তুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা। তাঁর বাড়ি চট্টগ্রামের রাঙ্গুনিয়ায়।
গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ছয়টার দিকে মোটরসাইকেলে করে গাংনী থেকে মেহেরপুরে যাওয়ার সময় তাঁকে মাইক্রোবাসে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা। এ ব্যাপারে গাংনী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ২০ দিন আগে ফয়জুল গাংনীতে এসে বাঁশবাড়িয়ার আনোয়ার হোসেনের বাড়ি ভাড়া নিয়ে বসবাস শুরু করেন।
গতকাল মোটরসাইকেলে করে মেহেরপুরে যাওয়ার সময় বাঁশবাড়িয়া পশ্চিম পাড়া এলাকায় একটি মাইক্রোবাস তাঁর গতিরোধ করে। মুহূর্তে কয়েকজন দুর্বৃত্ত মাইক্রোবাস থেকে নেমে তাঁকে চড়, কিলঘুষি মারতে মারতে গাড়িতে তুলে নিয়ে যায়।
গাংনী থানার ওসি রিয়াজুল ইসলাম জানান, অপহূত ব্যবসায়ীর চাচা রেজাউল করিম পুলিশকে বলেছেন, ফয়জুল ভেড়ামারায় তামাকের ব্যবসা করতেন। এ বছর ভেড়ামারার ব্যবসায়ীদের পাওনা পরিশোধ না করে গাংনীতে তামাক কেনা শুরু করায় ভেড়ামারার ক্ষুব্ধ ব্যবসায়ীরা এ ঘটনা ঘটিয়েছেন।