গাংনী থেকে ব্যবসায়ী অপহরণ
মেহেরপুরের গাংনী উপজেলার বাঁশবাড়িয়া সড়ক থেকে ফাইজুল হক (৩৯) নামের এক তামাক ব্যবসায়ীকে তুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা। তাঁর বাড়ি চট্টগ্রামের রাঙ্গুনিয়ায়।
আজ মঙ্গলবার ভোর সাড়ে ছয়টার দিকে মোটরসাইকেলে গাংনী থেকে মেহেরপুর যাওয়ার সময় তাঁকে মাইক্রোবাসে তুলে নেওয়া হয়। এ ব্যাপারে গাংনী থানার পুলিশ একটি সাধারণ ডায়েরি করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ২০ দিন আগে ফাইজুল গাংনীতে বাঁশবাড়িয়া গ্রামের আনোয়ার হোসেনের বাড়ির ভাড়াটে হিসেবে ওঠেন। আজ মোটরসাইকেল নিয়ে মেহেরপুর যাওয়ার পথে বেসরকারি সংস্থা ‘সোডাপ’ কার্যালয়ের সামনে একটি মাইক্রোবাস তাঁর গতিরোধ করে। মুহূর্তের মধ্যে কয়েকজন দুর্বৃত্ত মাইক্রোবাস থেকে নেমে তাঁকে মারতে মারতে গাড়িতে তুলে নিয়ে চলে যায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মোটরসাইকেলটি জব্দ করে থানায় নিয়ে গেছে।
বাড়ির মালিক আনোয়ার হোসেন জানান, সকাল নয়টা আট মিনিটে (০১৭৮৩৩২৭৪২) নম্বর থেকে তাঁর মোবাইল ফোনে একটি কল আসে। তাঁকে জানানো হয়, ফাইজুল সড়ক দুর্ঘটনায় আহত হয়ে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। এর পরপরই মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।
গাংনী পৌরসভার ১ নম্বর ওয়ার্ড (বাঁশবাড়িয়া) কমিশনার সামসুদ্দিন শেখ স্থানীয় লোকজনের বরাত দিয়ে জানান, গত বছর ফাইজুল কুষ্টিয়ার ভেড়ামারা থেকে তামাক কিনেছিলেন। সেখানে অনেকের টাকা পাওনা আছে। এ বছর ফাইজুল সেখানে না গিয়ে গাংনী থেকে প্রায় ৬০ লাখ টাকার তামাক কিনেছেন। এতে ক্ষুব্ধ হয়ে দুর্বৃত্তরা তাঁকে ধরে নিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজুল ইসলাম জানান, ব্যবসায়িক দ্বন্দ্বের কারণে এ ঘটনা ঘটে থাকতে পারে। এ ঘটনায় থানায় জিডি হয়েছে। এদিকে অপহূতের চাচা রেজাউল করিম ফাইজুলের ব্যবসায়িক অংশীদার। তিনি পুলিশকে জানিয়েছেন, ভেড়ামারার তামাক ব্যবসায়ীরা ফাইজুলের কাছে ২০ লাখ টাকা পান। ওই টাকা পরিশোধ করলে তাঁকে ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছেন তাঁরা।