গাংনী পৌর মেয়রের বিরুদ্ধে মামলা, ধর্মঘট প্রত্যাহার
এবার ব্যাংক কর্মকর্তা ও পরিবহন মালিককে মারধর ও প্লায়ার্স দিয়ে কয়েকটি নখ তুলে নেওয়ার অভিযোগে গাংনী পৌরসভার মেয়র আহম্মদ আলীর বিরুদ্ধে অবশেষে থানায় মামলা হয়েছে। এই মারধরের ঘটনার প্রতিবাদে জেলা বাস ট্রাক পরিবহন মালিক সমিতি অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছিল।
জেলা বাস ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম রসুল জানান, মারধরের ঘটনার প্রতিবাদে মঙ্গলবার রাত থেকে জেলায় অনির্দিষ্টকালের ধর্মঘট ডাকা হয়। অভিযুক্ত মেয়রের বিরুদ্ধে মামলা গ্রহণ, তাঁকে দ্রুত গ্রেপ্তার এবং ক্ষতিপূরণ না দেওয়া পর্যন্ত ধর্মঘট চলবে বলে তাঁরা ঘোষণা দিয়েছিলেন। প্রশাসন দাবি পূরণের আশ্বাস দেওয়ার পর সমিতি ধর্মঘট প্রত্যাহার করায় গতকাল শুক্রবার থেকে যান চলাচল শুরু হয়েছে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুল আলম জানান, পৌর মেয়রের হাতে আহত ব্যাংক কর্মকর্তা ফকির মোহাম্মদের মামলাটি পুলিশ বৃহস্পতিবার রাতে দায়ের করেছে। তদন্ত সাপেক্ষে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে
মামলার বাদী ট্রাকের মালিক ও মেহেরপুর কৃষি ব্যাংকের মাঠ কর্মকর্তা ফকির মোহাম্মদের অভিযোগ, বাস-ট্রাক মালিকদের চাপে ও ধর্মঘট প্রত্যাহারের শর্তে বৃহস্পতিবার রাতে পুলিশ মামলা নিয়েছে।
গত মঙ্গলবার রাতে গাংনী পৌরসভার মেয়র ও তাঁর লোকজন ফকির মোহাম্মদকে মারধর করেন বলে অভিযোগ আছে। তিনি মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন।