গাংনীতে অর্ধদিবস হরতাল পালন
মেহেরপুরের গাংনী উপজেলা আওয়ামী লীগের নেতাকে হত্যার প্রতিবাদে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের অপসারণ চেয়ে গতকাল রোববার অর্ধদিবস হরতাল পালিত হয়েছে।স্থানীয় আওয়ামী লীগের ডাকা হরতালের কারণে সকালে গাংনী শহরে দোকানপাট বন্ধ ছিল। মেহেরপুর-কুষ্টিয়া সড়কে কোনো যানবহন চলাচল করেনি।গাংনী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল খালেক জানান, জেলা প্রশাসনের ব্যর্থতার কারণেই গাংনীতে একের পর এক আওয়ামী লীগের নেতা-কর্মী খুন হচ্ছেন। সর্বশেষ গত ৩০ নভেম্বর সন্ত্রাসীরা দলের নেতা শাহিদুজ্জামানকে তাঁর শয়নকক্ষে ঢুকে গুলি করে হত্যা করে। তাই জেলা প্রশাসক ও পুলিশ সুপারের অপসারণ চেয়ে তাঁরা হরতালসহ সড়ক অবরোধ ও শোক শোভাযাত্রা কর্মসূচি পালন করেন।গতকাল আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বিষয়টি সুরাহার আশ্বাস দেওয়ার পর হরতাল কর্মসূচি প্রত্যাহার করে নেওয়া হয়। ফলে পূর্ণদিবস হরতালের স্থলে অর্ধদিবস হরতাল পালন করা হয়।গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, এ ঘটনায় নিহত শাহিদুজ্জামানের মা সখিনা খাতুন বাদী হয়ে থানায় হত্যা মামলা করেছেন। পুলিশ এ ঘটনায় দেবীপুর গ্রামের বিপ্লব, ইয়াসিন ও সালামের স্ত্রী শিখাকে গ্রেপ্তার করেছে।