গাংনীতে আ.লীগ নেতা আশরাফুল গ্রেপ্তার
মেহেরপুরের গাংনী উপজেলার ভেন্ডার ব্যবসায়ী ও উপজেলা আওয়ামী লীগের অর্থবিষয়ক সম্পাদক আশরাফুল ইসলামকে গতকাল রোববার গ্রেপ্তার করেছে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানান, আশরাফুলকে গ্রেপ্তারের দাবিতে গতকাল উপজেলা আওয়ামী লীগের একাংশের নেতৃত্বে সকাল থেকেই লোকজন সড়কে শুয়ে, আগুন জ্বালিয়ে, গাছের গুঁড়ি ফেলে অবরোধ করে। এতে মেহেরপুর-কুষ্টিয়া সড়কে বাস-ট্রাকসহ সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। একপর্যায়ে লোকজন আশরাফুলের বাড়িতে হামলা চালাতে উদ্যত হয়। এ সময় শহরের দোকানপাট বন্ধ হয়ে যায়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সেখানে পুলিশ ও র্যাব অবস্থান নেয়।রাস্তার পাশে একটি ট্রাকের ওপর ভ্রাম্যমাণ মঞ্চ করে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল খালেক ও সাবেক সহসভাপতি পৌর মেয়র আহম্মদ আলী ঘোষণা দেন, দুর্নীতিবাজ আশরাফুলকে গ্রেপ্তার না করা পর্যন্ত অবরোধ চলবে। দুপুরে পুলিশ সুপার আবদুল্লাহিল বাকী ঘটনাস্থলে পৌঁছে অবরোধ তুলে নিতে বলেন এবং আশরাফুলের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন বলে আশ্বাস দেন।