গাংনীতে আ.লীগের দুই পক্ষের সংঘর্ষে ২৫ জন আহত
মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়ীয়া গ্রামে গতকাল বৃহস্পতিবার আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে ২৫ জন আহত হয়েছেন। এ সময় এক পক্ষ অন্য পক্ষের একটি ঘর ও মোটরসাইকেল পুড়িয়ে দেয়। সংঘর্ষ চলাকালে উভয় পক্ষ সাত-আটটি বোমার বিস্ফোরণ ঘটায়।দলীয় সূত্রে জানা গেছে, একটি নলকূপ বসানোর স্থান নির্ধারণ নিয়ে দীর্ঘদিন ধরে তেঁতুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য হান্নান ও সফি উদ্দিনের সমর্থকদের মধ্যে বিরোধ চলছিল। ১৫ আগস্ট শোক দিবসের কর্মসূচি পালন নিয়ে এ বিরোধ আরও জোরালো হয়।জানা গেছে, গতকাল সকালে হান্নানের পক্ষের রমজান আলী গ্রামের রাস্তায় পাটের আঁশ শুকাতে যান। এ সময় সফি উদ্দিনের সমর্থকেরা তাঁকে বাধা দেন। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে রমজান আলীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়। খবর পেয়ে হান্নানের পক্ষের সমর্থকেরা ঘটনাস্থলে এসে সফির লোকজনের ওপর হামলা চালান। তখন উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় হান্নানের সমর্থকেরা সফির বাড়ি ও একটি মোটরসাইকেল পুড়িয়ে দেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুটি বোমা উদ্ধার করে।সফি উদ্দিন জানান, গতকাল তাঁর সমর্থকদের ওপর হান্নানের সমর্থকেরা হামলা চালিয়েছেন। তাঁরা বাধা দিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ বিষয়ে হান্নানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।