গাংনীতে এক বছরে ৩৫টি বোমা হামলা, ২৫০টি উদ্ধার
মেহেরপুরের গাংনী উপজেলায় একের পর এক বোমা হামলা এবং বোমা উদ্ধারের ঘটনা ঘটছে। গত এক বছরে উপজেলায় আড়াই শতাধিক বোমা উদ্ধার ও ৩৫টি বোমা হামলার ঘটনা ঘটেছে। চাঁদাবাজদের উৎপাতে এ মৌসুমে ১২টি ইটভাটা বন্ধ হয়ে গেছে। চাঁদা না দেওয়ায় সর্বশেষ গত শুক্রবার বিশ্বাস-২ নামে একটি ইটভাটায় বোমা হামলার ঘটনা ঘটে। একই দিনে তিরাইল গ্রামের মনিরুল ইসলামের বাড়ি থেকে র্যাব শক্তিশালী দুটি বোমা উদ্ধার করেছে। র্যাব-৬ মেহেরপুর ক্যাম্প কমান্ডার লে. সাজ্জাদ রায়হান গত শুক্রবার প্রথম আলোকে জানান, গাংনী সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক ব্যবসা ও অপরাধীদের বিচরণক্ষেত্র। রাজনৈতিক শক্তি এদের পেছনে কাজ করে। তাই এদের দমন করতে গিয়ে অনেক সময় বাধার মুখে পড়তে হয়। গত এক বছরে উপজেলায় র্যাব শতাধিক বোমা উদ্ধার করেছে।ইটভাটায় চাঁদাবাজি ও বোমাহামলা থেকে রক্ষার দাবিতে গত ২১ ডিসেম্বর ভাটামালিকেরা গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) আবেদনপত্র দিয়েছে। গত ২৬ ডিসেম্বর গাংনী আইনশৃঙ্খলা কমিটির সভায় জানানো হয়, উপজেলায় সন্ত্রাসী-চাঁদাবাজদের হাতে জিম্মি হয়ে পড়েছে ইটভাটার মালিকেরা। প্রাণভয়ে ভাটামালিকেরা সন্ত্রাসীদের চাঁদা দিতে বাধ্য হচ্ছেন। না দিলে বোমা বিস্ফোরণ ঘটানো হচ্ছে। এ কারণে এবার প্রায় ১২টি ইটভাটা বন্ধ হয়ে গেছে।র্যাব, পুলিশ ও স্থানীয় লোকজনের সূত্রে জানা গেছে, উপজেলায় গত বছরের ১ জানুয়ারি নয়টি, ২ ফেব্রুয়ারি ১৩টি, ৫ মে আটটি, ৬ জুন ১৬টি, ৮ আগস্ট ১১টি বোমাসহ শুধু র্যাবের অভিযানেই গত এক বছরে দেড় শতাধিক বোমা উদ্ধার করা হয়েছে। আর পুলিশ উদ্ধার করেছে শতাধিক বোমা। এ সময় চাঁদার দাবিতে কিংবা চাঁদা না দেওয়ায় বোমা হামলার ঘটনা ঘটেছে প্রায় ৩৫টি। গাংনীর ইউএনও মনোয়ার হোসেনের সভাপতিত্বে গত ২৬ ডিসেম্বর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় সিদ্ধান্ত হয়, রাত আটটার পর কোনো অপরিচিত লোক ইটভাটার আশপাশে ঘোরাফেরা করলে তাঁকে সন্ত্রাসী হিসেবে ধরা হবে। গাংনী থানার ওসি গোলাম মোস্তফা শুক্রবার প্রথম আলোকে জানান, গাংনীতে আইনশৃঙ্খলা রক্ষা খুবই ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।