গাংনীতে একই স্থানে আ.লীগ-বিএনপির কর্মসূচি, ১৪৪ ধারা
মেহেরপুরের গাংনী উপজেলায় একই সময় একই স্থানে বিএনপি ও আওয়ামী লীগের পক্ষ থেকে গতকাল রোববার কর্মসূচি আহ্বান করা হয়েছে। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় উপজেলা প্রশাসন গাংনী শহরে গতকাল সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত ১৪৪ ধারা জারি করে। জানা গেছে, সারা দেশে সাংবাদিক নির্যাতন ও গণমাধ্যমের ওপর সরকারের দমন-পীড়নের প্রতিবাদে গতকাল রোববার সকাল ১০টায় মেহেরপুরের গাংনী উপজেলা শহরের ত্রিমনি (তিন রাস্তার মোড়) এলাকায় বিএনপির পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়। গাংনী উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে একই সময় একই স্থানে মিছিল ও সমাবেশ করার ঘোষণা দেওয়া হয়। এ কারণে উপজেলা প্রশাসন ওই দিন সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত গাংনী শহরে ১৪৪ ধারা জারি করে।গাংনী উপজেলার ইউএনও আবু হেনা মোস্তফা জামান জানান, একই স্থানে একই সময়ে কর্মসূচি আহ্বান করায় পুলিশের প্রতিবেদনের ভিত্তিতে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে।