গাংনীতে একজনকে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুরের গাংনী উপজেলার কসবা গ্রামে নিজাম উদ্দিন (৫০) নামের এক ব্যক্তিকে গতকাল শুক্রবার গভীর রাতে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি গ্রামে বিল পাহারার কাজ করতেন। পুলিশ আজ শনিবার সকালে তাঁর লাশ উদ্ধার করেছে।

নিহত নিজাম উদ্দিনের ছোট ভাই সেলিম উদ্দিন (৪৫) প্রথম আলো ডটকমের কাছে দাবি করেন, তার ভাই গতকাল রাতে বাড়িতে খাবার খেয়ে স্থানীয় পুলিশ ক্যাম্পে হাজিরার পর পাটাপুকা বিল পাহারার কাজে যান। তিনি গ্রাম পাহারার কাজও করতেন। গতকাল গভীর রাতের কোনো একসময় দুর্বৃত্তরা তাঁর ভাইকে হত্যা করে বলে তিনি ধারণা করছেন। এ ঘটনায় তিনি বাদী হয়ে গাংনী থানায় হত্যা মামলা করবেন বলে জানান।

স্থানীয় পাটাপুকা বিলের মালিক কাওসার আহমেদ প্রথম আলো ডটকমকে জানান, নিহত নিজামসহ পাঁচজন তিন বছর ধরে তাঁর বিলে পাহারা দিচ্ছিলেন। গতকাল গভীর রাতে ১৪-১৫ জন মুখোশধারী সন্ত্রাসী নিজামকে বিল থেকে তুলে নিয়ে যায়। দুর্বৃত্তরা অন্য দুজনকে ঘরে হাত-পা বেঁধে আটকে রাখেন। বাকি দুজন পালিয়ে যেতে সক্ষম হন।

ধানখোলা ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য শুকুর আলীর দাবি, নিহত নিজামের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তাঁকে হত্যার পর লাশ পাটক্ষেতের মধ্যে চাপা দিয়ে রাখা হয়। তাঁর হাত-পা বাঁধা ছিল।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুল আলম জানান, গ্রামবাসী খবর দিলে পুলিশ আজ সকালে নিজামের লাশ কসবা গ্রামের পাটখেত থেকে উদ্ধার করে। মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ।

মাসুদুল আলম আরও জানান, নিজাম আগে সন্ত্রাসী কর্মকাণ্ডে যুক্ত ছিলেন। তবে পরে স্বাভাবিক জীবনযাপনে ফিরে আসেন। তাঁর বিরুদ্ধে থানায় কোনো মামলা নেই। পূর্বশত্রুতার জের ধরে সন্ত্রাসী প্রতিপক্ষ এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে। এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি।