গাংনীতে একজনের নিখোঁজের ঘটনায় বিক্ষোভ
মেহেরপুরের গাংনীতে এক ব্যক্তির নিখোঁজ হওয়ার ঘটনায় বিক্ষোভ সমাবেশ করেছে এলাকাবাসী। নিখোঁজের চার দিন পরও তাঁকে খুঁজে না পাওয়ায় তারা এ বিক্ষোভ করে। নিখোঁজ ব্যক্তি হলেন বদিউজ্জামান ওরফে বদি (৩০)। বাড়ি গাংনী পৌরসভার মালসাদহ গ্রামে। এলাকাবাসী নিখোঁজ হওয়াকে গুমের ঘটনা বলে দাবি করছে। স্থানীয় সূত্র জানায়, নিখোঁজের ঘটনা ও এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর রহস্যজনক ভূমিকার প্রতিবাদে গাংনী শহরে গতকাল শুক্রবার বিকেলে শত শত লোক বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। মিছিলকারীরা পুলিশ, র্যাব ও স্থানীয় প্রভাবশালী আশরাফুল ইসলামের (ভেন্ডার ব্যবসায়ী) বিরুদ্ধে স্লোগান দেয়। উপজেলা পরিষদ চত্বরসহ প্রধান প্রধান সড়ক ঘুরে মিছিলকারীরা বাসস্ট্যান্ড মোড়ে এক সমাবেশে মিলিত হয়। সমাবেশে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল খালেক, উপজেলা যুবলীগের সভাপতি মোশারফ হোসেন প্রমুখ বক্তব্য দেন। এ সময় শত শত পুলিশ ও র্যাব সদস্য পুরো এলাকা ঘিরে রাখেন। নিখোঁজ বদিউজ্জামানের বাবা আবদুর রহমানের ভাষ্য অনুযায়ী, তাঁর ছেলে ব্যবসায়ী আশরাফুল ইসলামের প্রতিষ্ঠানে কাজ করত। তাঁর অবৈধ কাজের প্রতিবাদ করা নিয়ে উভয়ের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। পরে আশরাফুলের ক্যাডাররা তাঁর ছেলেকে প্রচণ্ড মারধর করেন। ২৩ এপ্রিল সন্ধ্যায় আশরাফুল গাংনী র্যাব ক্যাম্পে বদিউজ্জামানকে নিয়ে যান। এর পর থেকেই সে নিখোঁজ রয়েছে। এ বিষয়ে তিনি ২৫ এপ্রিল গাংনী থানায় মামলা করতে যান। কিন্তু পুলিশ তা নেয়নি। ব্যবসায়ী আশরাফুল অভিযোগ অস্বীকার করে বলেন, তাঁর প্রতিষ্ঠানে কাজ শেষে বাড়ি ফেরার পথে বদিউজ্জামান নিখোঁজ হয়েছেন। এ ঘটনার সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততা নেই। র্যাব-৬ গাংনী ক্যাম্পের কমান্ডার লে. সাজ্জাদ রায়হান বলেন, নথিপত্র অনুযায়ী বদিউজ্জামান ও আশরাফুল দুজনই খারাপ লোক। নিখোঁজ হওয়ার ঘটনায় র্যাব তদন্তে নেমেছে। তিনি নিখোঁজ, নাকি ভারতে পালিয়ে আছেন, তা অনুসন্ধান করে দেখা হচ্ছে। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, বদিউজ্জামান চরমপন্থী দলের সক্রিয় সদস্য ছিলেন। তাঁর বিরুদ্ধে থানায় প্রায় এক ডজন মামলা আছে। বদিউজ্জামানের নিখোঁজ হওয়ার ঘটনার প্রতিবাদে এলাকাবাসী মিছিল করলে পুলিশ তাঁকে দ্রুত উদ্ধারে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে তারা শান্ত হয়। তবে এ ঘটনার সঙ্গে পুলিশ ও র্যাবের কোনো সংশ্লিষ্টতা নেই।