গাংনীতে এনজিও কার্যালয়ে বোমা হামলা, আটক ১
মেহেরপুরের গাংনী উপজেলার বামুন্দীতে গত শনিবার রাতে বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) দারিদ্র্য বিমোচন সংস্থার কার্যালয় লক্ষ্য করে বোমা হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, চাঁদা দিতে অস্বীকার করায় এ হামলা চালানো হয়। হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গতকাল রোববার মোহন (২৯) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে।দারিদ্র্য বিমোচন সংস্থার বামুন্দী শাখার ব্যবস্থাপক জাকিরুল ইসলাম বলেন, একটি সন্ত্রাসী চক্র অনেক দিন ধরে দুই লাখ টাকা চাঁদা দাবি করে আসছে। কিন্তু চাঁদা দিতে অস্বীকার করায় শনিবার রাতে সন্ত্রাসীরা সংস্থার কার্যালয় লক্ষ্য করে দুটি বোমার বিস্ফোরণ ঘটায়। তবে এতে কেউ হতাহত হননি। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন প্রত্যক্ষদর্শী বলেন, আওয়ামী লীগের মদদপুষ্ট সন্ত্রাসী মোহনের নেতৃত্বে কয়েকজন যুবক এনজিও কার্যালয় লক্ষ্য করে বোমা হামলা চালায়।দারিদ্র্য বিমোচন সংস্থার নির্বাহী পরিচালক মো. জাফর আহমেদ বলেন, সন্ত্রাসীদের ভয়ে কর্মকর্তা-কর্মচারীরা কাজে যেতে ভয় পাচ্ছেন। তিনি জানান, পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) অর্থে এনজিওটি পরিচালিত হয়।মেহেরপুর র্যাব ক্যাম্পের কমান্ডার শেখ জাহিদুল ইসলাম এবং গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান জানান, সন্ত্রাসী মোহন এ ঘটনা ঘটিয়ে থাকতে পারেন। চাঁদার জন্য রোববার সকালে সন্ত্রাসীরা আবারও কার্যালয়টির দিকে যাওয়ার পথে পুলিশ ও র্যাবের সদস্যরা বামুন্দী বাজার এলাকা থেকে মোহনকে আটক করেন।