গাংনীতে কৃমিনাশক বড়ি খেয়ে অর্ধশত ছাত্রছাত্রী অসুস্থ
মেহেরপুরের গাংনী উপজেলার কড়ুইগাছি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কৃমিনাশক বড়ি খেয়ে অর্ধশত ছাত্রছাত্রী অসুস্থ হয়ে পড়েছে। তাদের মধ্যে ৩০ জনকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী বিউটি খাতুন জানায়, গতকাল বুধবার সকাল সাড়ে ১০টার দিকে দুজন স্বাস্থ্যকর্মী তাদের শ্রেণীকক্ষে গিয়ে ছাত্রছাত্রীদের কৃমিনাশক বড়ি খেতে দেন। সেই বড়ি খাওয়ার ১০-১৫ মিনিট পর তার পেটে ব্যথা ও বমি শুরু হয়।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুসা করিম জানান, সকালে উপজেলা স্বাস্থ্য বিভাগের স্বাস্থ্যকর্মী আবদুল হান্নান ও সাজেদুর রহমান বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণীর প্রায় দেড় শ ছাত্রছাত্রীকে কৃমিনাশক বড়ি খেতে দেন। বড়ি খাওয়ার কিছুক্ষণের মধ্যেই ছাত্রছাত্রীরা অসুস্থ হতে শুরু করে। এ সময় প্রায় ৩০ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অসুস্থ অন্য ছাত্রছাত্রীদের নিজ নিজ অভিভাবকেরা নিয়ে গেছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা বিধান চন্দ্র ঘোষ জানান, কৃমিনাশক বড়িগুলো খুবই উন্নতমানের। এগুলো বেলজিয়ামের তৈরি। কিন্তু খালি পেটে ওষুধ খাওয়ায় এ সমস্যার সৃষ্টি হয়েছে। অসুস্থ ছাত্রছাত্রীদের চিকিৎসা দেওয়া হয়েছে।
রাইপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আলফাজ উদ্দীন বলেন, এনজিওসহ বিভিন্ন সংস্থা শিশুদের স্বাস্থ্য সুরক্ষামূলক নানা ওষুধ স্কুলপর্যায়ে সরবরাহ করে। কিন্তু ওষুধ সেবনের পদ্ধতি সম্পর্কে শিশুদের নির্দেশনা দেওয়া হয় না। এতে ওষুধ খেয়ে প্রায়ই শিশুরা অসুস্থ হয়ে পড়ছে। ফলে তাদের মধ্যে ওষুধ-ভীতির সৃষ্টি হচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুস সালাম গতকাল রাতে প্রথম আলোকে বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হবে।