গাংনীতে গির্জায় ডাকাতি ভাঙচুর-লুটপাট, আহত ৪
মেহেরপুরের গাংনী পৌরসভার চৌগাছা পশ্চিমপাড়া ৩ নম্বর ওয়ার্ডে জপমালা রানীর গির্জায় গত রোববার দিবাগত রাতে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। ডাকাতেরা গির্জার ভেতর বিভিন্ন জিনিসপত্র তছনছ করে লুটপাট ও ভাঙচুর চালিয়েছে। এ সময় তারা গির্জার ভেতরে ঘুমিয়ে থাকা ভক্তদের জিমিঞ্চ করে নগদ টাকা, মুঠোফোন ও স্বর্ণালংকার লুট করে। ডাকাতদের হামলায় চারজন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ডাকাতেরা সোনার ভেবে কয়েকটি মূর্তি ও মূর্তির সঙ্গে থাকা অলংকার নিয়ে যায়। তাদের বাধা দিতে গিয়ে ধারালো অস্ত্রের আঘাতে সুফল দফাদার (৫১), জয়ন্ত মণ্ডল (৪৩), গোপাল মণ্ডল (৪৪) ও বিকাশ মণ্ডল (৪১) আহত হয়েছেন। তাঁরা সবাই মেহেরপুরের মুজিবনগর থেকে মা মারিয়ার বার্ষিক পার্বণে যোগ দিতে গিয়েছিলেন। গুরুতর আহত অবস্থায় সুফলকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার সময় সন্ত্রাসীরা দুটি বোমার বিস্ফোরণ ঘটায়।
এলাকাবাসী ও গির্জার লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, রোববার ও সোমবার মা মারিয়ার বার্ষিক অনুষ্ঠানে হাজির হতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে কয়েক শ ভক্ত সেখানে উপস্থিত হন।
ভক্ত দমু মণ্ডল জানান, রাত দুইটার দিকে গান-বাজনা উৎসব শেষে তাঁরা ৫৩ জন গির্জার ভেতরে মেঝেতে ঘুমাচ্ছিলেন। এ সময় গির্জার পেছনের পাকা সীমানাপ্রাচীর ভেঙে ১৫-২০ জন অস্ত্রধারী সন্ত্রাসী গির্জার ভেতরে ঢোকে। তারা প্রথমে গির্জার ভেতরের থাকা মাইক ও সাউন্ড সিস্টেম ভাঙচুর করে।
অমিত মণ্ডল জানান, তাঁদের ঘুম থেকে উঠিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলা হয়। পরে বেশ কয়েকজনের কাছ থেকে সোনার আংটি ও চেইন ছিনিয়ে নেয় তারা। তারা গির্জার প্রভু বেদিতে গিয়ে জিনিসপত্র তছনছ করে। সোনা ভেবে কয়েকটি মূর্তি ও অলংকার লুট করে। এ সময় সন্ত্রাসীদের মুখ গামছা দিয়ে বাঁধা ছিল। ফলে কাউকে চেনা যায়নি। অনীমা মণ্ডল জানান, সন্ত্রাসীরা লুটপাট করে চলে যাওয়ার সময় দুটি বোমার বিস্ফোরণ ঘটায়।
গতকাল সোমবার বেলা ১১টার দিকে ঘটনাস্থল পরিদর্শনে যান গাংনী পৌরসভার মেয়র আহমঞ্চদ আলী, গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুল আলম, খ্রিষ্টান ক্যাথলিক সম্প্রদায়ের বিশপ ডমেনিক হালদার। কিন্তু মেহেরপুর জেলা প্রশাসক ও পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন আসেননি বলে ভক্তরা অভিযোগ করেন।
ওসি মাসুদুল আলম জানান, ঘটনা তদন্তে কিছু সন্ত্রাসীর নাম পাওয়া গেছে। গির্জা কমিটিকে থানায় মামলা দায়েরের জন্য বলা হয়েছে। মামলা গ্রহণের পর জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার অভিযানে নামবে পুলিশ।