গাংনীতে গৃহবধূ খুন দেবর-শাশুড়ি পলাতক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর গ্রামে সাগরিকা (৩৫) নামের এক গৃহবধূ খুন হয়েছেন। এ ব্যাপারে নিহতের ভাই আবদুল মালেক বাদী হয়ে গাংনী থানায় মামলা করেছেন। ঘটনার পর থেকে নিহতের দেবর ও শাশুড়ি পলাতক। এলাকাবাসী ও নিহতের আরেক ভাই আবদুল খালেক জানান, সাগরিকা এক সন্তান নিয়ে কাজিপুরে শ্বশুরবাড়িতে থাকতেন। তাঁর স্বামী হামিদুল বিদেশ থেকে প্রতি মাসে টাকা পাঠালে তা নিয়ে তাঁর সঙ্গে দেবর রহিদুল ইসলাম ও শাশুড়ি আঞ্জুমান আরার প্রায়ই ঝগড়া হতো। গতকাল শুক্রবার ভোরে বাড়ির লোকজনের চিৎকার শুনে গ্রামবাসী গিয়ে সাগরিকার ঘরের আড়ার সঙ্গে তাঁর ঝুলন্ত লাশ দেখতে পায়। পরে পুলিশ লাশ উদ্ধার করে। ময়নাতদন্ত শেষে লাশ তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়। গাংনী থানার ওসি রোকনুজ্জামান জানান, আলামত দেখে মনে হচ্ছে, ঘটনাটি হত্যা অথবা তাঁকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়া হয়েছে। ঘটনার পর থেকে নিহতের দেবর ও শাশুড়ি পলাতক।