গাংনীতে গৃহবধূকে নির্যাতনের ঘটনায় আদালতে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুরের গাংনী উপজেলায় গৃহবধূকে অপহরণ ও যৌন নির্যাতনের অভিযোগে দুই ব্যক্তির বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। গত মঙ্গলবার ওই গৃহবধূ বাদী হয়ে মেহেরপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে এ মামলা করেন।
আদালত থেকে নির্দেশ পাওয়ার পর গাংনী থানা মামলাটি রেকর্ড করেছে। মামলার তদন্তকারী কর্মকর্তা পরিদর্শক (তদন্ত) কাফরুজ্জামান বলেন, ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করা হবে।
আরজি সূত্রে জানা গেছে, গত ২৮ এপ্রিল রাত দুইটায় ওই গৃহবধূ ঘর থেকে বাইরে গেলে হঠাৎ পার্শ্ববর্তী গ্রামের দুই যুবক জোর করে তাঁর হাত, পা ও মুখ বেঁধে বাড়ির পাশে একটি বাঁশবাগানে নিয়ে যান। তাঁর চিৎকার শুনে চাচিশাশুড়ি এগিয়ে আসেন। তখন ওই দুই যুবক পালিয়ে যান। ঘটনাস্থল থেকে তাঁকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়। ওই গৃহবধূ বলেন, গাংনী থানায় অভিযোগ করলেও মামলা নেয়নি। এ সম্পর্কে কাফরুজ্জামান বলেন, গত সোমবার ওই গৃহবধূ থানায় এসে মৌখিক অভিযোগ করেছিলেন। কিন্তু তিনি মামলা করেননি।