গাংনীতে গ্রেপ্তারের পর আওয়ামী লীগ নেতার বাড়ি থেকে পিস্তল উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুরের গাংনীর ভেন্ডার ব্যবসায়ী ও আওয়ামী লীগের নেতা আশরাফুল ইসলাম গ্রেপ্তার হওয়ার পর গত রোববার রাতে তাঁর বাড়ি থেকে বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিনসহ তিনটি গুলি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় গতকাল সোমবার তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনসহ সন্ত্রাসী, চাঁদাবাজি, অপহরণ ও ভাঙচুরের অভিযোগে গাংনী থানায় ছয়টি মামলা হয়েছে। তিনি জেলা কারাগারে আছেন।অভিযোগ রয়েছে, আওয়ামী লীগের নেতা আশরাফুল ইসলাম জাল স্ট্যাম্প তৈরিসহ নানা ধরনের দুর্নীতির সঙ্গে জড়িত। রোববার আশরাফুলের গ্রেপ্তারের দাবিতে উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আবদুল খালেক এবং সাবেক সহসভাপতি পৌর মেয়র আহম্মদ আলীর নেতৃত্বে রাস্তা অবরোধ করে রাখা হয়। এই পরিস্থিতিতে ওই দিন দুপুরেই আশরাফুলকে গ্রেপ্তার করে পুলিশ। পরে ওই দিন রাতে পুলিশ তাঁর বাড়িতে অভিযান চালিয়ে গুলিসহ অস্ত্র উদ্ধার করে। গতকাল সকালে গাংনী পৌরসভার মেয়র আহমঞ্চদ আলীর নেতৃত্বে তাঁর লোকজন আশরাফুলের বাড়িতে ভাঙচুর চালায়। আশরাফুল বলেন, ‘আমার একাধিক ব্যবসার মাধ্যমে অর্থ বানিয়েছি। মেয়র আমার কাছ থেকে ৬৫ লাখ টাকা নিয়েছেন। সেই টাকা চেয়েছি বলেই তিনি আমার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। অনেক নেতাকেই লাখ লাখ টাকা মাসোহারা দিয়েছি। আমার অর্থেই গাংনী আওয়ামী লীগ চলছে। সেই নেতারাই বেইমানি করল।’পৌর মেয়র আহম্মদ আলী বলেন, ‘দেরিতে হলেও দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিয়েছি। আশরাফুল সন্ত্রাসী, চাঁদাবাজ। এখনো দলের কিছু নেতা অর্থের বিনিময়ে তাঁর পক্ষে কাজ করছে।’ গাংনী থানার ওসি বিমল কৃষ্ণ মল্লিক জানান, রোববার রাত ১১টার দিকে আশরাফুলের বাড়িতে তল্লাশি চালিয়ে বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিনসহ তিনটি গুলি উদ্ধার করা হয়।