গাংনীতে চেয়ারম্যান প্রার্থীর ওপর বোমা হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুরের গাংনীর বামুন্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে এক চেয়ারম্যান পদপ্রার্থীকে লক্ষ্য করে সন্ত্রাসীরা বোমা হামলা চালিয়েছে। এ ঘটনায় আবদুল মতিন (২৭) নামের একজন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে।বোমা হামলাটি চালানো হয়েছিল গাংনীর বামুন্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির একক প্রার্থী বর্তমান চেয়ারম্যান আবদুল আওয়ালকে লক্ষ্য করে। তিনি বামুন্দী ইউনিয়ন বিএনপির সভাপতি।হামলার শিকার বামুন্দী ইউনিয়ন বিএনপির সভাপতি ও চেয়ারম্যান প্রার্থী আবদুল আওয়াল জানান, ঘটনার সময় তিনি পাঁচ-ছয়টি মোটরসাইকেলযোগে নেতা-কর্মীদের নিয়ে নির্বাচনী প্রচারণা শেষে বাড়ি ফিরছিলেন। তিনিসহ তাঁর মোটরসাইকেল বামুন্দীর জেদ্দা ইটভাটার কাছে পৌঁছালে সেখানে আগে থেকেই ওত পেতে থাকা সন্ত্রাসীরা তাঁকে লক্ষ্য করে পরপর দুটি বোমা নিক্ষেপ করে। ঘটনাস্থলেই বোমা দুটি বিস্ফোরিত হয়। কিন্তু লক্ষ্যভ্রষ্ট হওয়ায় বোমায় তিনি আহত হননি। আহত হয়েছেন তাঁর এক কর্মী। তাঁর অভিযোগ, প্রতিপক্ষ আওয়ামী লীগের কিছু ক্যাডার তাঁকে দীর্ঘদিন ধরেই হত্যার হুমকি দিয়ে যাচ্ছে।গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মতিয়ার রহমান জানান, বোমার শব্দ পাওয়ামাত্র পুলিশ ফোর্স ঘটনাস্থলে গেলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা থেকেই এই বোমা হামলা হয়েছে। আহত ব্যক্তির পক্ষ থেকে গাংনী থানায় কোনো মামলা হয়নি।