মেহেরপুরের গাংনী উপজেলা জমি নিবন্ধনের কার্যালয়ে (সাব-রেজিস্ট্রি অফিস) গত বুধবার থেকে জমি ক্রয়-বিক্রয়ের নিবন্ধনকাজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। স্থানীয় নাগরিক কমিটি জমি নিবন্ধনে ব্যাপক অনিয়মের প্রতিবাদে ধর্মঘট ডাকায় এ অবস্থার সৃষ্টি হয়েছে।নাগরিক কমিটির আহ্বায়ক গাংনী পৌরসভার মেয়র আহম্মদ আলী জানান, উপজেলা জমি নিবন্ধনের কার্যালয়ে জমি নিবন্ধনের কাজে সরকার নির্ধারিত ফি প্রতি হাজারে ১০ টাকা। কিন্তু একটি চক্র ১০ টাকার স্থলে ১৭ টাকা করে আদায় করছে। এ ছাড়া জমির মূল্য আকস্মিকভাবে কয়েকগুণ বাড়িয়ে ধরে জনদুর্ভোগ আরও বৃদ্ধি করেছে। এর প্রতিবাদে গত বুধবার থেকে ধর্মঘট ডাকা হয়েছে। এই দুর্নীতি বন্ধ ও নিবন্ধনের কার্যালয়কে ওই চক্রের কবল থেকে মুক্ত না করা পর্যন্ত ধর্মঘট চলবে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক দলিল লেখক জানান, আবাদি যে জমির মূল্য ছিল প্রতি বিঘা ৭০ হাজার টাকা, এখন হঠাৎ করে তা চার লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। অতিরিক্ত টাকা ওই চক্র ও নিবন্ধন কার্যালয়ের দুর্নীতিবাজ কিছু কর্মকর্তার মধ্যে ভাগবাটোয়ারা হয়।উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল খালেক বলেন, ভেন্ডার আশরাফুল ইসলাম এই চক্রের প্রধান। তাঁর বিরুদ্ধে আইন প্রতিমন্ত্রীর কাছে দরখাস্ত করাসহ নিবন্ধন পরিদর্শকের তদন্তে দুর্নীতির প্রমাণ মিললেও কোনো কাজ হয়নি।এ ব্যাপারে ভেন্ডার আশরাফুল ইসলাম বলেন, ‘অতিরিক্ত টাকা নেওয়ার সঙ্গে আমি জড়িত নই। এর পেছনে রাজনৈতিক প্রভাবশালী কিছু নেতা জড়িত।’ উপজেলা উপনিবন্ধক আবদুর রশিদ মণ্ডল বলেন, ‘জমি নিবন্ধনে প্রতি হাজারে অতিরিক্ত সাত টাকা করে নেওয়া হচ্ছে, এমন অভিযোগ শুনেছি।’