গাংনীতে জমি নিয়ে বিরোধে আ.লীগের দুই কর্মী খুন
মেহেরপুরের গাংনী উপজেলায় বোমা ও ধারালো অস্ত্রের আঘাতে আওয়ামী লীগের দুই কর্মী খুন হয়েছেন। ঘটনার পর আওয়ামী লীগের কর্মীরা বিএনপির স্থানীয় অর্ধশত নেতা-কর্মীর বাড়িতে আগুন ধরিয়ে দেন। গতকাল সোমবার উপজেলার মটমুড়া ইউনিয়নের চরগোয়াল গ্রামে এ ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয় সূত্রের দাবি, জমি নিয়ে বিরোধের জের ধরে ওই দুই ব্যক্তিকে হত্যা করা হয়েছে। নিহত ব্যক্তিরা হলেন, ওই গ্রামের মনছুর আলীর ছেলে হাবিল উদ্দিন (৪০) ও হাশেম আলীর ছেলে আতাহার আলী (৩৫)। তাঁরা দুজনই আওয়ামী লীগের কর্মী বলে জানা গেছে। এ ছাড়া সন্ত্রাসীদের হামলায় লালন নামের আওয়ামী লীগের অপর একজন কর্মী গুরুতর জখম হয়েছেন।প্রত্যক্ষদর্শী, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, একটি জমি নিয়ে চরগোয়াল গ্রামের বিএনপি-সমর্থিত ইমারুদ্দিন খাঁ ও আওয়ামী লীগ-সমর্থিত রাহাতুল শেখের পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে গতকাল ঘোষণা দিয়ে রাহাতুল শেখের পক্ষের লোকজন দখলের জন্য জমির আশপাশে জড়ো হন। দুপুর সাড়ে ১২টার দিকে রাহাতুলের পক্ষের হাবিল, আতাহার ও লালন একটি মোটরসাইকেলে করে ওই জমির দিকে যাচ্ছিলেন। তাঁরা গ্রামের রিফুজিপাড়ায় পৌঁছালে তাঁদের লক্ষ্য করে সন্ত্রাসীরা একটি বোমা নিক্ষেপ করে। এ সময় তাঁরা মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যান। এর পরপরই সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে তাঁদের কোপাতে থাকে। ঘটনাস্থলেই হাবিল মারা যান। লালন জখম অবস্থায় দৌড়ে পালিয়ে যেতে সক্ষম হন। পরে স্থানীয় লোকজন আতাহারকে উদ্ধার করে প্রথমে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। সেখান থেকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। এলাকাবাসীর দাবি, জমি নিয়ে বিরোধের জের ধরে বিএনপি-সমর্থিত ইমারুদ্দিন খাঁয়ের লোকজন তাদের খুন করেছে।সূত্র জানায়, হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে আওয়ামী লীগের নেতা-কর্মী ও সমর্থকেরা গ্রামের ইমারুদ্দিন খাঁসহ বিএনপির প্রায় অর্ধশত কর্মী-সমর্থকের বাড়িতে অগ্নিসংযোগ করেন। খবর পেয়ে মেহেরপুরের পুলিশ সুপার (এসপি) আবদুল্লাহেল বাকী, গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনোয়ার হোসেনসহ র্যাব ও পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। একই সঙ্গে দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনে।মেহেরপুরের এসপি বলেন, জমি নিয়ে পূর্বশত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে শরিফুল ইসলাম ও আপেল নামের দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। সন্ধ্যায় সন্ত্রাসীদের হামলায় আহত লালন বাদী হয়ে নয়জনের নাম উল্লেখসহ ২০-২৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন।