গাংনীতে জমি নিয়ে সংঘর্ষে আহত ১৫
মেহেরপুরের গাংনীতে জমি নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে ১ নারীসহ ১৫ জন আহত হয়েছেন। গতকাল রোববার সকালে উপজেলার বেতবাড়ীয়া গ্রামে এ ঘটনা ঘটে।
আহত ১২ জনকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় একজনকে পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
গাংনী হাসপাতালে ভর্তি কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, বেতবাড়ীয়া গ্রামের বাসিন্দা সাবেক ইউপি সদস্য জমির উদ্দীনের সঙ্গে প্রতিবেশী গোলাম হোসেনের একটি জমি নিয়ে বিরোধ চলে আসছে। ওই জমিতে গতকাল সকালে করাতকল স্থাপনের লক্ষ্যে মাটি কাটার কাজ শুরু করে জমির উদ্দীনের পক্ষ। গোলাম হোসেনের পক্ষ তাতে বাধা দিতে গেলে প্রথমে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হয়।
সংঘর্ষে আহত হন জমির উদ্দীন (৬০) এবং তাঁর পক্ষের হান্নান (৭১), রবিউল (৫০), আমির (৪৫) ও খুকু মনি (৩০)। অপর পক্ষের নেতা গোলাম হোসেন (৭২), তাঁর সমর্থক চায়েন উদ্দীন (৭১), সেকেন্দার আলী (৫০), কামরুল (৪০), ফারুক (৩০), স্বপন (৩২) ও আবদুর রহমান (৬৫) আহত হয়েছেন। এই ১২ জনকে প্রথমে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আহত সেকেন্দারের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত অন্য ব্যক্তিরা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এখন পর্যন্ত কোনো পক্ষই মামলা করেনি।