গাংনীতে জোড়া লাগা জমজ শিশুর জন্ম

মেহেরপুরের গাংনী উপজেলায় দুটি দেহের সঙ্গে জোড়া লাগানো দুই শিশুর জন্ম দিয়েছে এক মা। জোড়া শিশু দেখতে সকাল থেকেই ক্লিনিকে ভিড় করেছে বিভিন্ন বয়সী হাজারো মানুষ। তবে শিশু দুটিকে উন্নত চিকিত্সা ছাড়া বাঁচানো সম্ভব নয় জানিয়েছে চিকিত্সকেরা। আজ শনিবার সকালে গাংনীর বামুন্দীতে একটি বেসরকারি ক্লিনিকে এই জমজ শিশু জন্ম নেয়।
ক্লিনিক সূত্রে জানা যায়, গাংনী উপজেলার কাজিপুর গ্রামের রাহিবুল ইসলামের স্ত্রী রমিয়া খাতুনের প্রসব বেদনা উঠলে পরিবারের সদস্যরা তাঁকে বামন্দীর একটি ক্লিনিকে ভর্তি করে। আজ সকালে মেহেরপুর জেনারেল হাসপাতালের গাইনি বিশেষজ্ঞ আব্দুস সালাম অস্ত্রোপচার করে দুটি দেহের সঙ্গে জোড়া লাগানো দুটি শিশু বের করেন।
রাহিবুল ইসলাম আকুতি করে সাংবাদিকদের বলেন, তিনি দিনমজুর ও গরিব। পারিবারিক অবস্থা ভাল নয়। প্রথম সন্তান নিয়ে তিনি অসহায় হয়ে পড়েছেন। তাঁদের বাচাতে সমাজের বিত্তশালীদের সহায়তা কামনা করেছেন।
এ ব্যাপারে জানতে চাইলে মেহেরপুর সিভিল সার্জন ইসমাইল ফারুক রাতে প্রথম আলোকে বলেন, ‘জোড়া লাগা শিশুদের আলাদা করার ব্যাপারে আমাদের এখানে কোনো পদ্ধতি নেই। তবে যত দ্রুত সম্ভব তাদের ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) নেয়া যাবে ততই ভাল। সেখানেই চিকিত্সকদের তত্ত্বাবধানে তাদের আলাদা করা সম্ভব হতে পারে।’