গাংনীতে ডাকাতের হামলায় একজন নিহত, আহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া ইউনিয়নের সহড়াতলা গ্রামে ডাকাত দলের হামলায় বাছের আলী ওরফে বাচ্ছু (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এতে ডাকাতদের ছোড়া বোমার আঘাতে চারজন আহত হয়েছেন।
গতকাল বুধবার নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বোমা হামলায় আহত ব্যক্তিরা হলেন আবদুর রাজ্জাক (৪৮), আবু বক্কর (৩৯), মান্নাত আলী (৫১) ও আব্বাছ উদ্দিন (২৯)। তাঁদের সবার বাড়ি গাংনীর সওড়াতলা গ্রামে। মান্নাত ও রাজ্জাককে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তেঁতুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ড সদস্য লাটু মিয়া জানান, গত মঙ্গলবার দিবাগত রাতে ২০-২৫ জনের একটি সশস্ত্র ডাকাত দল সওড়াতলা গ্রামের আবু বক্করের বাড়িতে হানা দেয়। এ সময় আবু বক্করের চিৎকারে গ্রামবাসী জড়ো হয়ে ডাকাতদের ধাওয়া করেন। এ সময় ডাকাতেরা গ্রামবাসীকে লক্ষ্য করে সাতটি বোমা ছোড়ে। বোমায় মান্নাতসহ দুজন গুরুতর আহত হন। এ সময় বাছের আলী এগিয়ে গেলে ডাকাতেরা তাঁকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। তিনি পেশায় একজন ভ্যানচালক ছিলেন।
ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নাজমুল হুদা বিশ্বাস জানান, গ্রামটি একেবারে সীমান্ত ঘেঁষা। চারদিন আগে ডাকাতেরা গ্রামে ঢুকে গৌরীপুরপাড়ার আবদুর রউফের বাড়ি থেকে দুটি গরু নিয়ে যায়। গত এক মাসে কয়েকজনের বাড়ি থেকে ডাকাতেরা নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে গেছে। একর পর এক ডাকাতির ঘটনায় গ্রামে আতঙ্ক দেখা দিয়েছে।
নামপ্রকাশে অনিচ্ছুক এক গ্রামবাসী বলেন, ডাকাত দলের সঙ্গে গ্রামের দুজন ছিল। ডাকাতদের অনেককেই চিনতে পেরেছে। কিন্তু ভয়ে কেউ মুখ খুলছে না।
গাংনী থানার ওসি মাসুদুল আলম জানান, লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনাস্থল থেকে পুলিশ বোমার স্প্লিন্টার উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়নি।