গাংনীতে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৪২
মেহেরপুরের গাংনী উপজেলার দীঘলকান্দি ও কচুইখালি গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের ৪২ জন আহত হয়েছেন। কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধের জের ধরে গতকাল রোববার কচুইখালি গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
আহত ব্যক্তিদের মধ্যে কচুইখালি গ্রামের মোজাম্মেল হোসেন (৪৫) ও মন্টু মিয়াকে (৪৭) আশঙ্কাজনক অবস্থায় কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের মেহেরপুর সদর হাসপাতাল ও গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
কচুইখালি গ্রামের আবু তাহের জানান, দুই গ্রামের মানুষ মিলে দীঘলকান্দি গ্রামে একটি কবরস্থান করেন। দুই গ্রামের কেউ মারা গেলে ওই কবরস্থানে দাফন করা হতো। কিন্তু এখন ওই কবরস্থানে কচুইখালির কাউকে দাফন করতে গেলে দীঘলকান্দি গ্রামের লোকজন বাধা দিতেন। তাই গতকাল সকালে তাঁরা তাঁদের গ্রামে নতুন কবরস্থানের বেড়া তৈরির জন্য দীঘলকান্দি কবরস্থান থেকে কিছু বাঁশ কাটতে যান। তখন ওই গ্রামের লোকজন তাঁদের ওপর সশস্ত্র হামলা চালান।
দীঘলকান্দি গ্রামের ফরজ আলী দাবি করেন, দুই গ্রামের মধ্যে বিরোধ সৃষ্টির জন্য পৃথক কবরস্থান তৈরি করা হচ্ছে। গতকাল সেই কবরস্থানের বেড়া তৈরির কাজে ব্যবহারের জন্য তাঁদের কবরস্থানের গাছ কাউকে না বলে কাটতে যান কচুইখালি গ্রামের কিছু লোক। তাঁরা বাধা দিতে গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুল আলম জানান, কবরস্থানের বাঁশ কাটা নিয়ে সংঘর্ষের সূত্রপাত হয়েছে। খবর পেয়ে পুলিশের একাধিক দল ঘটনাস্থলে গেলে পরিস্থিতি শান্ত হয়। এখন ওই দুই গ্রামে পুলিশ মোতায়েন করা আছে। তবে এ ঘটনায় কোনো পক্ষ মামলা না করায় পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।