গাংনীতে দুই পক্ষের সংঘর্ষে আহত ৫
মেহেরপুরের গাংনীতে শ্যালক ও দুলাভাইয়ের পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় পাঁচজন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে গাংনী উপজেলার বাঁশবাড়িয়া গ্রামে এই ঘটনা ঘটে।আহত ব্যক্তিরা হলেন মিনজুকুর আলী (২৫), জাকাত মোল্লা (৫৫), নাহারুল ইসলাম (১৮), ফরিদ (৫১) ও মাসুদ রানা (২৩)। তাঁদের কুষ্টিয়া, মেহেরপুর ও গাংনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, বাঁশবাড়িয়া গ্রামের আজগর আলীর ছেলে মিনজুকুর আলী বিদেশে যাওয়ার জন্য তিন বছর আগে তাঁর দুলাভাই একই গ্রামের জাকাত মোল্লাকে পাঁচ লাখ টাকা দেন। কিন্তু বিদেশে পাঠাতে না পারায় শ্যালক টাকা ফেরত চাইলে দুলাভাই সময়ক্ষেপণ শুরু করেন। গতকাল বৃহস্পতিবার কৌশলে মিনজুকুর আলী লোকজন নিয়ে তাঁর দুলাভাইকে ডেকে এনে বাড়িতে আটকে রাখেন। এই সংবাদ পেয়ে দুলাভাইয়ের পক্ষের লোকজন শ্যালকের বাড়িতে হামলা চালান। এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষে উল্লিখিত ব্যক্তিরা আহত হন। গাংনী থানার ওসি আলমগীর হোসেন জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনো পক্ষই মামলা করেনি।