গাংনীতে দুই মেয়র প্রার্থীকে জরিমানা
নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে মেহেরপুরের গাংনী পৌরসভায় আওয়ামী লীগের মেয়র প্রার্থী আহম্মেদ আলী ও আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী আশরাফুল ইসলামকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল রোববার সকাল ১০টায় ও বেলা দেড়টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গাংনীর সহকারী কমিশনার (ভূমি) রাহাত মান্নান এ জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, নির্ধারিত সময়ের আগেই প্রচারণার মাইক বের করার দায়ে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান মেয়র আহম্মেদ আলীকে পাঁচ হাজার টাকা এবং দেয়ালে পোস্টার সাঁটানোর দায়ে স্বতন্ত্র প্রার্থী জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য আশরাফুল ইসলামকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
সন্ধ্যায় নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহাত মান্নান বলেন, আহম্মেদ আলী জরিমানা পরিশোধ করেছেন। আর আশরাফুল ইসলামের পক্ষে তাঁর স্ত্রী শাহানা পারভীন জরিমানার টাকা পরিশোধ করেন।