গাংনীতে দুটি বোমা, টাঙ্গাইলে আটটি ককটেল উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুরের গাংনী থেকে দুটি বোমা ও টাঙ্গাইল থেকে আটটি ককটেল গতকাল বৃহস্পতিবার উদ্ধার করা হয়েছে। এ দুটি ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সগীর মিয়া জানান, গতকাল সকাল সাড়ে নয়টার দিকে খবর পেয়ে গাংনী উপজেলার ছাতিয়ান গ্রামের এনামুলের তামাকখেত ও ধানখোলা গ্রামের বরজেল হোসেনের বাঁশঝাড়ে তল্লাশি চালায় পুলিশ। সেখানে লাল টেপ দিয়ে মোড়ানো বড় জর্দার কৌটা দিয়ে তৈরি দুটি শক্তিশালী বোমা পাওয়া যায়। পরে বোমা দুটি পানিভর্তি বালতির মধ্যে রেখে নিষ্ক্রিয় করা হয়। ওসি সগীর মিয়া জানান, নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে চরমপন্থীরা বোমা দুটি লুকিয়ে রাখে। টাঙ্গাইল সদর থানার উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান জানান, সদর উপজেলার করটিয়া তালুকদারপাড়ার আবুল কাশেমের স্ত্রী গতকাল সকালে বাড়ির পাশের একটি নারকেলগাছের নিচে বোমাসদৃশ আটটি বস্তু দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে সেগুলো উদ্ধার করে। পরে তা পানিভর্তি বালতিতে রেখে নিষ্ক্রিয় করা হয়। সেনাবাহিনীর ক্যাপ্টেন তৌহিদের নেতৃত্বে একটি বোমা বিশেষজ্ঞ দল সদর থানায় গিয়ে বস্তুগুলো পরীক্ষা করে দেখতে পায় সেগুলো ককটেল।