গাংনীতে দেড় মাসে অর্ধশতাধিক বোমা, অস্ত্র ও গুলি উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুরের গাংনী উপজেলার বিভিন্ন গ্রাম থেকে একের পর এক বোমা, অস্ত্র ও গুলি উদ্ধার হচ্ছে। গত ১ সেপ্টেম্বর থেকে গতকাল ১৪ অক্টোবর বৃহস্পতিবার পর্যন্ত দেড় মাসে উপজেলা থেকে ৪৯টি বোমা, ১৩টি আগ্নেয়াস্ত্র ও ১৮টি গুলি উদ্ধার করা হয়েছে। অথচ গ্রেপ্তার হয়েছে মাত্র একজন।একাধিক ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে জানান, গাংনী থেকে যে পরিমাণ বোমা, অস্ত্র ও গুলি উদ্ধার হচ্ছে, তা জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের জীবনের জন্য হুমকিস্বরূপ।র‌্যাব ও পুলিশ বলছে, স্থানীয় সরকার নির্বাচনে প্রভাব বিস্তার করতে বিভিন্ন চরমপন্থী সংগঠনের সন্ত্রাসীরা এসব বোমা, অস্ত্র ও গুলি মজুদ করছে।র‌্যাব ও গাংনী থানার পুলিশ জানায়, গতকাল সকালে র‌্যাব ও পুলিশ সদস্যরা গাংনীর মটমুড়া ইউনিয়নের চর গোয়াল গ্রামের ছাদিমান মালিথার বাড়ির গোয়ালঘরে রাখা একটি থলের ভেতর থেকে চারটি গুলিসহ একটি আধুনিক রিভলবার ও ছয়টি শক্তিশালী বোমা উদ্ধার করেছে। বোমা ও অস্ত্রটি ছাদিমানের ছেলে জাকিরুল মালিথার (২৭) বলে র‌্যাবের দাবি।র‌্যাব-৬ মেহেরপুর ক্যাম্পের কমান্ডার সহকারী পুলিশ সুপার (এএসপি) শেখ জাহিদুল ইসলাম জানান, গতকাল অভিযান চালানোর সময় জাকিরুল পালিয়ে যান। দেড় মাস আগে তিনি বোমা তৈরি করতে গিয়ে বিস্ফোরণে আহত হন। পরে তাঁর বিরুদ্ধে বিস্ফোরকদ্রব্য আইনে মামলা হলেও কয়েক দিন পরই তিনি জামিনে মুক্তি পান।নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক এলাকাবাসী জানান, ছাদিমান মালিথা মটমুড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড শাখা বিএনপির সভাপতি। অন্যদিকে গ্রামের হামিদুল ইসলাম ও শহীদুর রহমান স্থানীয় আওয়ামী লীগের নেতা। দীর্ঘদিন ধরে গ্রামের এই দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব চলছে।এলাকাবাসী এই অস্ত্র, বোমা ও গুলি উদ্ধারের ঘটনাকে রাজনৈতিক ষড়যন্ত্র উল্লেখ করে জানান, জাকিরুল একজন কাপড় ব্যবসায়ী। রাজনৈতিক শত্রুতার কারণে দেড় মাস আগে সন্ত্রাসীরা তাঁর দোকানের কাপড় লুট করতে যায়। এ সময় সন্ত্রাসীরা তাঁকে লক্ষ্য করে বোমা ছোড়ে। অথচ রাজনৈতিক কারণে উল্টো তাঁর বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা হয়।র‌্যাব-৬ মেহেরপুর ক্যাম্প সূত্র জানায়, ১ সেপ্টেম্বর গাংনীর হাড়াভাঙ্গা গ্রামে সন্ত্রাসীদের আস্তানা থেকে র‌্যাব ছয়টি আগ্নেয়াস্ত্র, আটটি গুলি ও সাতটি বোমা উদ্ধার করে। এরপর ৭ সেপ্টেম্বর গাংনীর শহরতলা গ্রাম থেকে একটি আগ্নেয়াস্ত্র, ১৭ সেপ্টেম্বর মোহাম্মদপুর গ্রাম থেকে দুটি আগ্নেয়াস্ত্র এবং ১৯ সেপ্টেম্বর তেঁতুলবাড়িয়া গ্রাম থেকে আরও একটি আগ্নেয়াস্ত্র ও একটি বোমা উদ্ধার করে র‌্যাব।র‌্যাব ও পুলিশ সূত্রে জানা যায়, ৩ অক্টোবর গাংনীর মাইলমারী গ্রামের একটি মাঠে বন্দুকযুদ্ধের পর সন্ত্রাসীদের রেখে যাওয়া ১৯টি বোমা উদ্ধার করে র‌্যাব ও পুলিশের যৌথ বাহিনী। দুই দিন পর একই স্থান থেকে আরও ছয়টি বোমা উদ্ধার করা হয়। চার দিন পর ৯ অক্টোবর বামুন্দী গ্রাম থেকে পাঁচটি বোমা উদ্ধার করে র‌্যাব ও পুলিশ। এর দুই দিন পর কসবা গ্রামে বন্দুকযুদ্ধের পর র‌্যাব ও পুলিশ সন্ত্রাসীদের ফেলে যাওয়া তিনটি আগ্নেয়াস্ত্র ও ছয়টি গুলি উদ্ধার করে। গাংনী থানার পুলিশ জানায়, কসবার ঘটনার এক দিন পর ১২ অক্টোবর সন্ধ্যায় গাংনী থানাপাড়ার বেল্লাল হোসেনের চায়ের দোকান থেকে পাঁচটি বোমাসহ তাঁকে গ্রেপ্তার করে র‌্যাব ও পুলিশ। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান জানান, বেল্লাল আগে ডাকাতের সর্দার ছিলেন। পরে তিনি বোমা তৈরি করে বিভিন্ন চরমপন্থী ও সন্ত্রাসী বাহিনীকে সরবরাহ করতেন। দিনে চায়ের ব্যবসার আড়ালে বোমা তৈরি ও চরমপন্থীদের সঙ্গে যোগাযোগ স্থাপন করাই ছিল তাঁর কাজ। দুই মাস আগে বোমা তৈরির বিপুল সরঞ্জাম, বিস্ফোরকদ্রব্যসহ তিনি পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিলেন। কিন্তু অল্প দিনেই আদালত থেকে জামিনে মুক্তি পান বেল্লাল।ইউপি চেয়ারম্যানরা জানান, আগামী স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে একশ্রেণীর রাজনৈতিক নেতা চরমপন্থী সন্ত্রাসীদের মাধ্যমে এসব অস্ত্র, গুলি ও বোমা মজুদ করছেন। আবার তাঁরাই প্রতিপক্ষকে ঘায়েল করতে অনেকের বাড়ির আশপাশে বোমা ও অস্ত্র রেখে র‌্যাব-পুলিশ দিয়ে হয়রানিমূলক অভিযান চালাচ্ছেন।হয়রানির অভিযোগ অস্বীকার করে র‌্যাব কর্মকর্তা জাহিদুল ইসলাম জানান, আগামী স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে এলাকায় অস্ত্র, গুলি ও বোমা মজুদ হচ্ছে—এমন অভিযোগের ভিত্তিতেই র‌্যাব এলাকায় গোয়েন্দা নজরদারি বাড়িয়েছে এবং সম্প্রতি গাংনী থেকে প্রচুর পরিমাণ অস্ত্র, গুলি ও বোমা উদ্ধার করা হয়েছে।পুলিশ সুপার ইকবাল হোসেন জানান, সন্ত্রাসবিরোধী অভিযানের পাশাপাশি পুলিশ চরমপন্থী নির্মূলে কাজ করছে। শুধু বোমা ও অস্ত্র উদ্ধার নয়, সন্ত্রাসের মদদদাতা এবং প্রভাবশালী পৃষ্ঠপোষকদের চিহ্নিত করে তাদের আইনের আওতায় আনতে পুলিশ অভিযুক্ত ব্যক্তিদের সম্পর্কে তথ্য যাচাই-বাছাইয়ের কাজও করছে। খুব শিগগির তাদের গ্রেপ্তার করা হবে।