মেহেরপুরের গাংনী উপজেলায় একটি বিদ্যালয় ভবনের সিঁড়ি নির্মাণের ১০ দিনের মাথায় গতকাল শনিবার ধসে পড়েছে। নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ এলাকাবাসীর। ঘটনাস্থল পরিদর্শনে গেলে উপজেলা প্রকৌশলীকে আধঘণ্টা অবরুদ্ধ করে রাখেন তাঁরা।
ওই শিক্ষাপ্রতিষ্ঠানের নাম নবীনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। এটি গাংনী উপজেলার নওপাড়া গ্রামে অবস্থিত।
উপজেলা প্রকৌশলী কার্যালয় সূত্রে জানা গেছে, নবীনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণের জন্য কুষ্টিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠান তামান্না এন্টারপ্রাইজ কার্যাদেশ পায়। ৬৩ লাখ ৫৫ হাজার টাকা ব্যয়ে এ নির্মাণকাজ গত বছরের মাঝামাঝিতে শুরু হয়। তবে শুরু থেকেই নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ ওঠে। বিদ্যালয় পরিচালনা কমিটিসহ স্থানীয় লোকজন এ বিষয়ে উপজেলা প্রকৌশলী ও শিক্ষা প্রকৌশলী এবং ঠিকাদারের কাছে বারবার অভিযোগ করলেও তাঁরা কর্ণপাত করেননি। সর্বশেষ গতকাল দুপুরে বিদ্যালয়ের সিঁড়ি ধসে পড়ে।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান উপজেলা প্রকৌশলী মাহাবুবুল হক। তিনি প্রথম আলোকে বলেন, ‘১০ দিন আগে ছুটির মধ্যে শ্রমিকেরা সিঁড়ির ঢালাই দিয়েছিলেন। সে সময় আমাদের কাউকে জানানো হয়নি।’
এদিকে উপজেলা প্রকৌশলী এসেছেন খবর পেয়ে এলাকার লোকজন ঘটনাস্থলে জড়ো হন। একপর্যায়ে তাঁরা উত্তেজিত হয়ে প্রকৌশলী মাহাবুবুল হককে অবরুদ্ধ করেন। তবে স্থানীয় রাজনীতিকদের সহযোগিতায় তাঁকে আধঘণ্টা পর উদ্ধার করা হয়।
এ নির্মাণকাজের মূল ঠিকাদার তামান্না এন্টারপ্রাইজ হলেও তারা কাজ করছে না। প্রতিষ্ঠানটি দুই ঠিকাদারের কাছে কাজটি বিক্রি (সাব-কন্ট্রাক্ট) করে দেয়। তামান্না এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী সামসুল ইসলাম মুঠোফোনে প্রথম আলোকে বলেন, তাঁরা গাংনীর বাসিন্দা
আবদুল খালেক ও মুনায়েম হোসেনকে সাব-কন্ট্রাক্ট দিয়েছেন। ফলে যা-ই ঘটুক, কোনো কিছুর দায়ভার তিনি নেবেন না।
আবদুল খালেক মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। মুঠোফোনে তিনি প্রথম আলোকে বলেন, ‘নবীনপুর স্কুলের কাজ আমি করছি না। ওটা মুনায়েম হোসেন করছেন। উনি তামান্না এন্টারপ্রাইজের মালিকের আত্মীয়।’
মুনায়েম হোসেন প্রথম আলোকে বলেন, হয়তো বাঁশের খুঁটি কেউ নাড়াচাড়া করেছে। এ জন্য সিঁড়িটি ধসে গেছে। পুনরায় সিঁড়ি নির্মাণ করে দেওয়া হবে।