গাংনীতে নিয়োগকে কেন্দ্র করে প্রধান শিক্ষকের কক্ষে তালা
মেহেরপুরের গাংনী উপজেলায় শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে প্রধান শিক্ষক মনিরুল ইসলামের কক্ষে তালা দিয়েছেন বিদ্যালয় পরিচালনা পর্যদের সদস্যরা। গতকাল বুধবার বেলা সাড়ে ১০টার দিকে বেতবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।বিদ্যালয়ের সদস্য ও স্থানীয় কাজীপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য জমির উদ্দিন অভিযোগ করেন, কয়েক মাস আগে শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত হয়। প্রধান শিক্ষক ও সভাপতি কাউকে কিছু না বলে ভুয়া কাগজপত্র তৈরি করে গোপনে শিক্ষক নিয়োগ দেওয়ার পাঁয়তারা করেন। এ জন্য প্রধান শিক্ষককে তালাবদ্ধ করে রাখা হয়েছে। সভার কার্যবিবরণীর (রেজুলেশন) বই কেন বিদ্যালয়ে না রেখে বাইরে রাখা হলো, সে ব্যাপারে প্রধান শিক্ষকের কাছে জবাব চাওয়া হয়েছে। এলাকাবাসী ও বিদ্যালয় সূত্রে জানা যায়, বেতবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ে জীববিজ্ঞান বিষয়ে একজন শিক্ষক নিয়োগের জন্য কয়েক মাস আগে সিদ্ধান্ত নেওয়া হয়। জেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ে বিষয়টি জানানো হলে সেখান থেকে বিদ্যালয়ের নারী কোটা পূরণ করার তাগিদ দেওয়া হয়। কিন্তু অভিযোগ উঠেছে, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মশিউর রহমান ও প্রধান শিক্ষক মনিরুল ইসলাম তাঁদের পছন্দের এক প্রার্থীকে ওই পদে নেওয়ার পাঁয়তারা করছেন। অন্যদিকে পরিচালনা পর্ষদের অপর তিন সদস্য আলেহীম, সালেহীন ও মখলেচুর রহমান তাঁদের মনোনীত আরেক প্রার্থীকে নিয়োগ দেওয়ার কথা বলে কয়েক লাখ টাকা নিয়েছেন।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল বুধবার বেলা সাড়ে ১০টার দিকে আলেহীম শিক্ষক নিয়োগের ব্যাপারে দুর্নীতির অভিযোগ তুলে প্রধান শিক্ষককে তাঁর কক্ষে তালাবদ্ধ করে রাখেন। এ সময় সেখানে অপর দুই সদস্য ছাড়াও ইউপির সদস্য জমির উদ্দীন উপস্থিত ছিলেন। প্রধান শিক্ষককে তালাবদ্ধ করায় বিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্লাস না করে বাড়ি চলে যায়।মনিরুল ইসলাম দুর্নীতির অভিযোগ অস্বীকার করে বলেন, শিক্ষক নিয়োগের জন্য বিদ্যালয়ের সভাপতি তিন দিন আগে রেজুলেশন বইটি তাঁর বাড়ি নিয়ে যান। এ ব্যাপারে সভাপতিই সবকিছু জানেন।মশিউর রহমান বলেন, ‘প্রধান শিক্ষক বিএনপি করেন। নিরাপত্তার জন্য আমি রেজুলেশন বই বাড়ি নিয়েছি।’ তবে তাঁর মনোনীত প্রার্থীকে নিয়োগ দেওয়া হবে এমন অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, নিয়মতান্ত্রিকভাবে নারী কোটা পূরণের জন্য সবকিছু করা হচ্ছে। যাঁরা প্রধান শিক্ষককে কক্ষে তালাবদ্ধ করেছেন, তাঁরাই দু-তিন লাখ টাকা নিয়ে এক প্রার্থীকে চাকরি দেওয়ার জন্য উঠেপড়ে লেগেছেন।গাংনী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মগরেব আলী বলেন, নারী শিক্ষক কোটা পূরণের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হলেও তা পূরণ হয়নি। আবার বিজ্ঞপ্তি দেওয়া হবে। গতকাল বিকেল চারটার দিকে প্রধান শিক্ষককে উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিয়ে বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সঙ্গে আলোচনা হচ্ছে।