গাংনীতে পুলিশ-গ্রামবাসী সংঘর্ষে আহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুরের গাংনী উপজেলায় গত মঙ্গলবার রাতে পুলিশের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষে পুলিশের দুই সদস্যসহ ১০ জন আহত হয়েছেন। এ ঘটনায় গতকাল বুধবার পুলিশের এক সহকারী উপপরিদর্শক (এএসআই) ও আরেক সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।আহত ব্যক্তিদের মধ্যে পুলিশ কনস্টেবল কামাল (৪৫) ও জাহের আলীকে (৪৬) গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার পর কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়া রাজাপুর গ্রামের শাহানারা খাতুন (৪৭), সবুর আলী (৩৫), রমজান আলী (৪২) ও মর্জিনা খাতুনকে (৩৩) গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন জানান, এ ঘটনার পর গ্রামবাসী পুলিশের বিরুদ্ধে অভিযোগ করায় অভিযুক্ত এএসআই মুসতাজাব উদ্দিন ও সদস্য আরিফুর রহমানকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনে আনা হয়েছে। এ ছাড়া ঘটনা তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুল আলম জানান, পুলিশ আহত হওয়ার ঘটনায় কুমারীডাঙ্গা পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ইনচার্জ) মুসতাজাব উদ্দীন বাদী হয়ে থানায় মামলা করবেন। অন্যদিকে পুলিশের বিরুদ্ধে গ্রামবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে ওই দুই পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া এবং অভিযোগ তদন্ত করা হচ্ছে।মুসতাজাব উদ্দীন দাবি করেন, মরিচখেত নষ্ট করার প্রতিশোধ নিতে রাজাপুর গ্রামের কিছু লোক পাশের কুষ্টিয়ার মিরপুর উপজেলার খলিসাকুণ্ড গ্রামের বাচ্চু মিয়া নামে একজনকে অপহরণ করে নিয়ে আসেন। অপহূত ব্যক্তিকে উদ্ধারের লক্ষ্যে রাজাপুর গ্রামে পুলিশ পাঠালে গ্রামবাসী তাদের ওপর চড়াও হন। প্রকৃত ঘটনা ধামাচাপা দিতে গ্রামবাসী তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছেন। গতকাল বুধবার সরেজমিনে খোঁজ নিয়ে জানা গেছে, খলিসাকুণ্ড গ্রামের একজনকে অপহরণের অভিযোগে কুমারীডাঙ্গা পুলিশ ফাঁড়ির পুলিশ মটমুড়া ইউনিয়নের রাজাপুর ও কুমারীডাঙ্গা গ্রামের অনেককে আটক করে মামলার হুমকি দেয়। এরপর মঙ্গলবার রাতে রাজাপুর গ্রামের কয়েকটি বাড়িতে তল্লাশি শুরু করলে ওই দুটি গ্রামের ক্ষুব্ধ লোকজন পুলিশের চার সদস্যের ওপর চড়াও হন। তখন পুলিশ পাল্টা লাঠিপেটা করে।কুমারীডাঙ্গা গ্রামের ইলিয়াস উদ্দিন (৫০) ও রাজাপুর গ্রামের মুনির উদ্দিনসহ (৪৫) কয়েকজন জানান, এএসআই মুসতাজাব উদ্দিন ও সদস্য আরিফুর রহমান প্রায়ই জামায়াত ও বিএনপি তালিকায় নাম আছে—এ ধরনের হুমকি দিয়ে যেকোনো ব্যক্তিকে আটক ও মারধর করেন এবং পরে অর্থের বিনিময়ে ছেড়ে দেন। এ ছাড়া ব্যবসায়ীদের নানাভাবে হয়রানি করে তাঁদের কাছ থেকে চাঁদা আদায় করে থাকেন।