পুলিশের বাধার কারণে গতকাল বুধবার মেহেরপুরে গাংনী উপজেলায় বিএনপি ইফতার পার্টি করতে পারেনি। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় পুলিশ সুপার ওই কর্মসূচি আয়োজনের অনুমতি দেননি। এতে বিএনপির নেতা-কর্মীরা ক্ষোভ প্রকাশ করেছেন।দলীয় সূত্রে জানা গেছে, উপজেলা বিএনপি গতকাল গাংনী মডেল উচ্চবিদ্যালয়ের মাঠে ইফতার পার্টির আয়োজন করে। এতে মেহেরপুর-২ আসনের সাংসদ উপজেলা বিএনপির সভাপতি আমজাদ হোসেনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল। এতে প্রায় ১০ হাজার নেতা-কর্মীকে আমন্ত্রণ জানানো হয়েছিল।গাংনী পৌর বিএনপির সভাপতি ইনছারুল হক জানান, ইফতার পার্টির সব প্রস্তুতি চূড়ান্ত করা হয়েছিল। কিন্তু পুলিশ প্রশাসন তা বন্ধ করে দিয়েছে।আমজাদ হোসেন জানান, অনুমতি না নেওয়ার অজুহাত দেখিয়ে পুলিশ সুপার একদল পুলিশ নিয়ে গতকাল দুপুর ১২টার দিকে ঘটনাস্থলে এসে ইফতার পার্টি না করার নির্দেশ দেন। অথচ ১০ দিন আগে এ আয়োজন সম্পর্কে পুলিশ সুপারকে লিখিতভাবে জানানো হয়েছিল।পুলিশ সুপার মোফাজ্জেল হোসেন জানান, কোনো অনুমতি ছাড়াই ইফতার পার্টির নামে রাজনৈতিক কর্মসূচি আয়োজন করায় তা বন্ধ করে দেওয়া হয়েছে। তা ছাড়া এ কর্মসূচি নিয়ে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা ছিল।