গাংনীতে পুলিশের বিরুদ্ধে হয়রানি-চাঁদাবাজির অভিযোগ
মেহেরপুরের গাংনী উপজেলায় পুলিশ ও দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনায় আজ বুধবার পুলিশের একজন উপপরিদর্শক (এসআই) ও একজন কনস্টেবলকে প্রত্যাহার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে হয়রানি ও চাঁদাবাজির অভিযোগ রয়েছে।
কুষ্টিয়ার মিরপুর উপজেলার খলিশাকুণ্ড গ্রামের একজনকে অপহরণের অভিযোগে মঙ্গলবার রাতে গাংনীর কুমারীডাঙ্গা গ্রাম থেকে বেশ কয়েকজনকে আটক করে মামলার হুমকি দেয় পুলিশ। একই উপজেলার রাজাপুর গ্রামের কয়েকটি বাড়িও তল্লাশি করে তারা।
এতে ক্ষুব্ধ হয়ে কুমারীডাঙ্গা ও রাজাপুরের বাসিন্দারা চার পুলিশ সদস্যের ওপর চড়াও হয়। পুলিশও পাল্টা লাঠিপেটা করে। এ ঘটনায় দুই পুলিশসহ ১০ জন আহত হয়।
আহত ব্যক্তিদের মধ্যে কনস্টেবল কামাল (৪৫) ও জাহের আলীকে (৪৬) গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সা দেওয়ার পর কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রাজাপুর গ্রামের শাহানারা খাতুন (৪৭), সবুর আলী (৩৫), রমজান আলী (৪২) ও মর্জিনা খাতুনকে (৩৩) গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সা দেওয়া হচ্ছে।
প্রথম আলো ডটকমকে দেওয়া কুমারীডাঙ্গার বাসিন্দাদের ভাষ্য, মটমুড়া ইউনিয়নের কুমারীডাঙ্গা পুলিশ ক্যাম্প ইনচার্জ সহকারী উপপরিদর্শক (এএসআই) মুসতাজাব উদ্দিন ও কনস্টেবল আরিফুর রহমান প্রায়ই জামায়াত-বিএনপির তালিকায় নাম ঢুকিয়ে দেওয়ার হুমকি দিয়ে লোকজনকে আটক করে মারধর করে আসছেন। মোটা অঙ্কের চাঁদার বিনিময়ে আটক হওয়া ব্যক্তিদের মুক্তি দিয়ে আসছেন তাঁরা। ব্যবসায়ীদেরও এই দুজন নানাভাবে হয়রানি করে আসছেন বলে অভিযোগ রয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন জানান, গ্রামবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে এএসআই মুসতাজাব উদ্দিন ও কনস্টেবল আরিফকে প্রত্যাহার করা হয়েছে।
কুমারীডাঙ্গা পুলিশ ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মুসতাজাবের ভাষ্য, মরিচখেত নষ্ট করার প্রতিশোধ নিতে রাজাপুর গ্রামের কিছু লোক পাশের খলিশাকুণ্ড গ্রামের বাচ্চু মিয়া নামের একজনকে অপহরণ করে। তিনি দাবি করেন, প্রকৃত ঘটনা ধামাচাপা দিতে গ্রামবাসী তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুল আলম জানান, পুলিশ আহত হওয়ার ঘটনায় মুসতাজাব বাদী হয়ে গাংনী থানায় মামলা করবেন। গ্রামবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে দুই পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।