গাংনীতে পুড়ে গেছে ১৫ বিঘার পানের বরজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেহেরপুরের গাংনী উপজেলার দিঘলকান্দি গ্রামে অগ্নিকাণ্ডে ১৫ বিঘা জমির পানের বরজ ও একটি বাড়ি পুড়ে গেছে। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। মেহেরপুর ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হন। স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, দিঘলকান্দি গ্রামের আকবর আলীর বাড়িতে আগুন লাগে। এতে বাড়ির রান্নাঘর ও গোয়ালঘরে আগুন ছড়িয়ে পড়লে বাড়িতে থাকা ধান, গম ও মালামাল পুড়ে যায়। একপর্যায়ে আগুন বাড়ির পাশের পানের বরজে ছড়িয়ে পড়ে। আগুনে ওই গ্রামের ১৪ জন চাষির ১৫ বিঘা জমির পানের বরজ পুড়ে যায়। মেহেরপুর ফায়ার সার্ভিসের স্টেশনমাস্টার হাবিবুর রহমান জানান, আগুনে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগীরা জানিয়েছেন।