গাংনীতে বাসের ধাক্কায় পথচারী নিহত
মেহেরপুরের গাংনীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় আজমত আলী (৪৫) নামের এক পথচারী নিহত হয়েছেন। তাঁর বাড়ি গাংনীর আকুবপুর গ্রামে।
গতকাল বুধবার সকালে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের বামুন্দীতে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহত হয়েছেন ১৫ বাসযাত্রী।
মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন গাংনীর শিশিরপাড়া গ্রামের নবিরুন নেছা (৩৫) জানান, তাঁরা স্বামী-স্ত্রী ওই বাসে চড়ে কুষ্টিয়া যাচ্ছিলেন। বাসটি দ্রুতগতিতে একটি আলমসাধুকে পাশ কাটিয়ে যাওয়ার সময় একজন পথচারীকে ধাক্কা দেয়।
এ সময় বাসটি রাস্তার পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে বাসের ১৫ যাত্রী আহত হন। দুর্ঘটনায় আহত মেহেরপুরের দারিয়াপুর গ্রামের রহমত আলী (৪৫), আবু তৌফিকুল ইসলাম (৩৩), দিলরুবা খাতুন (২৩), মোবারক হোসেনসহ (৩৯) সাতজন হাসপাতালে ভর্তি রয়েছেন। অন্যদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মিজানুর রহমান জানান, আহত ব্যক্তিদের সবার হাত-পা জখম হয়েছে।
গাংনী থানার ওসি আকরাম হোসেন আরও জানান, নিহত আজমত আলীর পরিবার থেকে থানায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি। নিহত আজমতের পরিবার অভিযোগ দিলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।