গাংনীতে বিএনপি নেতাকে লক্ষ্য করে বোমা হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুরের গাংনী উপজেলার বামুন্দী বাজারে গত বুধবার রাতে সন্ত্রাসীদের বোমা হামলায় বিএনপির নেতা আলিমুজ্জামান গুরুতর আহত হয়েছেন। হামলায় জড়িত থাকার সন্দেহে পুলিশ গতকাল বৃহস্পতিবার বামুন্দী গ্রামের আফিরুল, সালাম ও শিমুল নামের তিনজন যুবককে আটক করেছে। আলিমুজ্জামান গাংনী উপজেলা বিএনপির সদস্য এবং বামুন্দী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক। আহত বিএনপি নেতার পরিবার, পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বুধবার রাত সাড়ে ১১টার দিকে বামুন্দী বাজারে কাজ শেষে বাড়ি ফিরছিলেন আলিমুজ্জামান। বাজারের কাছে তাঁর বাড়ির দরজায় পৌঁছামাত্র সন্ত্রাসীরা তাঁকে লক্ষ্য করে তিনটি বোমা ছোড়ে। একটি বোমা আলিমুজ্জামানের শরীরে বিস্ফোরিত হয়। পরে লোকজন মারাত্মক আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে চিকিত্সকেরা গতকাল তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। গাংনী উপজেলা বিএনপির সদস্য ও বামুন্দী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আবদুল আউয়াল জানান, আলিমুজ্জামানের অবস্থা সংকটাপন্ন। বোমায় তাঁর তলপেট ক্ষতবিক্ষত হয়েছে।গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান জানান, এলাকার একটি কলেজের অধ্যক্ষ নিয়োগসহ প্রতিপক্ষের সঙ্গে আলিমুজ্জামানের রাজনৈতিক দ্বন্দ্ব ছিল। এ কারণে ভাড়াটে সন্ত্রাসীদের দিয়ে হত্যার উদ্দেশ্যে এই বোমা হামলা চালানো হয় বলে ধারণা করা হচ্ছে।