গাংনীতে বিএনপির কার্যালয়ে হামলা, সাংবাদিক আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুরের গাংনীতে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে সংঘর্ষে আহত আওয়ামী লীগের নেতা আজিজুর রহমান ১২ দিন চিকিৎসাধীন থাকার পর গতকাল মঙ্গলবার মারা গেছেন। এ খবর পেয়ে দলীয় নেতা-কর্মীরা উপজেলা বিএনপির কার্যালয়ে হামলা চালিয়ে আসবাব ভাঙচুর করেছে।এ হামলার ছবি তুলতে গিয়ে আওয়ামী লীগের কর্মীদের মারধরে দৈনিক জনতার গাংনী উপজেলা প্রতিনিধি সাইদুর রহমান আহত হন। তারা ক্যামেরাটিও ছিনতাই করে নিয়ে গেছে। এ ঘটনার প্রতিবাদে সাংবাদিকেরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে মানববন্ধন করেছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৪ আগস্ট উপজেলার ষোলটাকা ইউনিয়নের মানিকদিয়া আমতৈল গ্রামে আওয়ামী লীগ এবং বিএনপির কর্মীদের সংঘর্ষ হয়। স্থানীয় ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে এ সংঘর্ষ হয়। এ সময় উপজেলা আওয়ামী লীগের সদস্য আজিজুর রহমানকে বিএনপির কর্মীরা কুপিয়ে জখম করেছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল তিনি মারা যান। উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহিদুজ্জামান খোকন জানান, আজিজুর রহমানের মৃত্যুর প্রতিবাদে আওয়ামী লীগের কর্মীরা শহরে মিছিল বের করলে কিছু উত্তেজিত লোক বিএনপির কার্যালয়ে হামলা চালায়।উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু জানান, ঘটনার দিন আওয়ামী লীগের কর্মীরাই বিএনপির কর্মীদের ওপর হামলা চালায়। এতে আজিজুর রহমান আহত হন। এর জের ধরে আওয়ামী লীগের কর্মীরা বিএনপির অফিসে হামলা চালায়। পুলিশ সুপার শাহরিয়ার হোসেন জানান, গাংনীতে রাজনৈতিক সহিংসতা ঠেকাতে পুলিশকে সর্বদা সতর্ক রাখা হয়েছে। তবে গাংনীতে বিএনপির অফিস ভাঙচুর চলাকালে একজন সাংবাদিককে আহত করার ঘটনাটি দুঃখজনক।