গাংনীতে বিএনপির মনোনয়ন বদলের দাবি, বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী ইউনিয়নে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন মনোনয়নবঞ্চিত প্রার্থীর সমর্থকেরা। গতকাল শনিবার দুপুরে বামন্দী বাজার থেকে মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বিক্ষোভ শেষে বামন্দী বাসস্ট্যান্ডে সংক্ষিপ্ত সমাবেশ করা হয়।
সংক্ষিপ্ত সমাবেশ বক্তব্য দেন গাংনী উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান জুলফিকার আলী, বামন্দী ইউপি চেয়ারম্যান আবদুল আওয়াল, বামন্দী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, বর্তমান চেয়ারম্যান আবদুল আওয়ালকে বাদ দিয়ে বামুন্দী ইউনিয়ন বিএনপির সভাপতি আমিরুল ইসলামকে মনোনয়ন দেওয়া হয়েছে। আবদুল আওয়াল দুবারের নির্বাচিত চেয়ারম্যান ও বামন্দীসহ এ অঞ্চলে তাঁর বলিষ্ঠ নেতৃত্ব রয়েছে। তাঁকে মনোনয়ন না দেওয়ায় বিএনপি ক্ষতিগ্রস্ত হবে। জেলা বিএনপির সভাপতি আমজাদ হোসেনের সঙ্গে রাজনৈতিক বিরোধের কারণেই আওয়ালকে মনোনয়ন দেওয়া হয়নি বলে অভিযোগ করেন বিক্ষোভকারীরা।
অভিযোগ অস্বীকার করে জেলা বিএনপির সভাপতি আমজাদ হোসেন বলেন, জেলার ১৮টি ইউনিয়নে তৃণমূলের মতামতের ভিত্তিতে মনোনয়নের জন্য কেন্দ্রে সুপারিশ করা হয়। বামন্দী ইউনিয়নের বেলায়ও তাই করা হয়েছে।