গাংনীতে বিদ্যালয়ে চুরির ঘটনায় মামলা, সংঘর্ষে আহত ৩
মেহেরপুরের গাংনীতে বিদ্যালয়ে চুরির ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে তিনজন আহত হয়েছেন। তাঁদের কুষ্টিয়া জেনারেল হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় গাংনী থানায় মামলা হয়েছে। আহতরা হলেন গাংনীর লুত্ফুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ের অফিস সহকারী আবদুল হাকিম, তাঁর ভাই আক্কাচ আলী ও প্রতিবেশী সাইফুল ইসলাম। আক্কাচ আলীর বাঁ হাতের বৃদ্ধাঙ্গুল কেটে পড়ে গেছে। সাইফুল ইসলামকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। আহতদের বাড়ি গাংনী উপজেলার গোপালনগর গ্রামে। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে লুত্ফুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ের অফিস কক্ষ থেকে একটি কম্পিউটার, একটি প্রিন্টার, ছয়টি পাখা, নগদ ১০ হাজার টাকাসহ বেশ কিছু মালামাল চুরি হয়। এ ঘটনায় শুক্রবার বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোশাররফ হোসেন থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। বিষয়টি থানার উপপরিদর্শক ফারুক হোসেন তদন্ত শুরু করেন। তদন্তে গোপালনগর গ্রামের সাইফুল ইসলামসহ বেশ কয়েকজনের নাম আসে। চুরির ঘটনায় নাম আসায় সোমবার সন্ধ্যার দিকে গোপালনগর গ্রামের সাইফুল ইসলামসহ বেশ কয়েকজন মিলে আবদুল হাকিমকে মারতে তাঁর বাড়িতে যায়। এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষে আক্কাচ আলীর বাঁ হাতের বৃদ্ধাঙ্গুল কেটে পড়ে যায়। আবদুল হাকিম ও সাইফুল ইসলামও আহত হন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে প্রথমে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং অবস্থার অবনতি হলে পরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেন। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, চুরির ঘটনায় মামলা হয়েছে। মারামারির ঘটনায় তিনজন গুরুতর আহত হয়েছেন। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।