গাংনীতে বিদ্যালয়ে বোমা হামলায় আহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুরের গাংনী উপজেলার খাসমহল প্রাথমিক বিদ্যালয়ে বোমা হামলায় দুজন আহত হয়েছে। বিদ্যালয় চত্বরে ভলিবল খেলার মাঠ তৈরিকে কেন্দ্র করে গ্রামের দুই পক্ষের মধ্যে বিরোধের জের ধরে এই হামলা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, দুপুর ১২টার দিকে উপজেলার কাথুলী ইউনিয়নের ওই বিদ্যালয় চত্বরে বোমা হামলা হয়। এ সময় বিদ্যালয় খোলা ছিল।
বিদ্যালয় ও ধলা গ্রামের কয়েকজন বাসিন্দা সূত্রে জানা গেছে, গত সোমবার রাতে বিদ্যালয় চত্বরে ভলিবল খেলার মাঠ তৈরিকে কেন্দ্র করে স্থানীয় সালাউদ্দীন ও আহমেদ আলীর পক্ষের মধ্যে বিরোধ দেখা দেয়। এ কারণে মাঠ তৈরির কাজ বন্ধ হয়ে যায়।
গতকাল মঙ্গলবার দুপুরে সেখানে সালাউদ্দীনের লোকজন ক্রিকেটের মাঠ তৈরির কাজ করছিল। তখন আহমেদ আলীসহ তাঁর লোকজন এই হামলা চালায়। এ সময় ছয়টি বোমার বিস্ফোরণ ঘটে। বোমার আঘাতে সালাউদ্দীনপক্ষের হুসাইন আলী (৩৯) ও চিকন আলী (৩৩) আহত হন। তাঁদের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বিজিবি ৩২ ব্যাটালিয়ন কাথুলী ক্যাম্প কমান্ডার ফজলুল হক জানান, বোমা মেরে আহমেদ আলী ভারতে পালানোর সময় বেলা পৌনে একটার দিকে সীমান্তের ১৩৪ মূল পিলারের কাছ থেকে বিজিবির সদস্যরা তাঁকে আটক করে পুলিশে দিয়েছেন।
কাথুলী ইউনিয়নের ধলা পুলিশ ফাঁড়ির দায়িত্বে থাকা সহকারী উপপরিদর্শক সাইদুর রহমান জানান, আহমেদ আলীর স্বীকারোক্তি মোতাবেক বোমা বিস্ফোরণে জড়িত থাকার অভিযোগে পুলিশ তাঁর ভাই কাবলুচ আলীকে (৪১) গ্রেপ্তার করেছে। এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান জানান, ভলিবল খেলার মাঠ তৈরিকে কেন্দ্র করে আহমেদ আলীর পক্ষের লোকজন এই হামলা চালিয়েছে। এ সময় বিদ্যালয় খোলা ছিল। বোমার শব্দে শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে পড়ে।